প্রবা প্রতিবেদক
প্রকাশ : ১৯ অক্টোবর ২০২৫ ১৩:০৩ পিএম
দেশে সৃজনশীল বইয়ের বাজার বর্তমানে মারাত্মক সংকটের মধ্যে রয়েছে। দেড় দশকেরও বেশি ফ্যাসিবাদী শাসনের কুফল সৃজনশীল প্রকাশনা খাতেও পড়েছে। এর ফলে প্রকাশকদের অর্থনৈতিক অবস্থার অবনতি ঘটেছে এবং বই বিক্রির বাজারও মারাত্মক মন্দায় পড়েছে।
এমন প্রেক্ষাপটে বৈষম্যবিরোধী সৃজনশীল গ্রন্থ প্রকাশক সমিতির উদ্যোগে আগামীকাল সোমবার (২০ অক্টোবর) বিকেল ৩টায় রাজধানীর স্টার হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট-এ ‘সৃজনশীল ও কার্যকর বই বিক্রয় কৌশল’ শীর্ষক এক কর্মশালার আয়োজন করা হয়েছে।
রবিবার (১৯ অক্টোবর) গণমাধ্যমে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বৈষম্যবিরোধী সৃজনশীল গ্রন্থ প্রকাশক সমিতির সভাপতি সাঈদ বারীর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে এই কর্মশালার উদ্বোধন করবেন ‘দৈনিক প্রতিদিনের বাংলাদেশ’ পত্রিকার সম্পাদক মারুফ কামাল খান। কর্মশালাটি পরিচালনা করবেন প্রশিক্ষক ও মোটিভেশনাল স্পিকার রাজিব আহমেদ।
আয়োজক সূত্রে জানা গেছে, কর্মশালায় যে বিষয়গুলো নিয়ে আলোচনা করা হবে তার মধ্যে রয়েছে- কিভাবে আমরা সফল ব্যবসায়ী হতে পারি? কিভাবে বইয়ের ব্যবসা সম্প্রসারিত করা যেতে পারে এবং বই বিক্রি বৃদ্ধির বিশেষ কৌশলগুলো কী কী হতে পারে?