প্রবা প্রতিবেদক
প্রকাশ : ১৪ অক্টোবর ২০২৫ ২২:৪২ পিএম
রাজধানীর মিরপুরের শিয়ালবাড়িতে পোশাক কারখানা ও রাসায়নিকের গুদামে অগ্নিকান্ডের ঘটনায় নিহত ১৬ জনের মরদেহ ঢাকা মেডিকেলের জরুরি বিভাগের মর্গে আনা হয়েছে।
মঙ্গলবার (১৪ অক্টোবর) রাত সাড়ে ৮টার দিকে মরদেহ ময়নাতদন্তের জন্য ঢামেকের জরুরি বিভাগের মর্গে রাখা হয়েছে।
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মো. ফারুক জানান, রূপনগরের শিয়ালবাড়ি পোশাক কারখানা ও কেমিক্যাল গোডাউনে আগুনে ঘটনায় ১৬টি মরদেহ ঢাকা মেডিকেলের জরুরি বিভাগের মর্গে রাখা হয়েছে।
তিনি আরও জানান, মরদেহগুলো আগুনে পোড়া, এগুলো দেখে চেনার উপায় নেই। ডিএনএ টেস্টের পর মরদেহগুলো স্বজনদের কাছে হস্তান্তর করা হবে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে- নয়টি ছেলে ও সাতটি নারী।
মঙ্গলবার বেলা সাড়ে ১১টার দিকে পোশাক কারখানার নিচতলায় ‘ওয়াশ ইউনিট’ রয়েছে। সেখানে প্রথম আগুন লাগে। সেই আগুন পাশের রাসায়নিকের গুদামে ছড়িয়ে পড়লে সেখানে বিকট শব্দে বিস্ফোরণ ঘটে। এরপর আগুন চারতলা পোশাক কারখানার সর্বত্র ছড়িয়ে পড়ে। আগুন লাগার পর কারখানা থেকে শ্রমিকেরা বের হয়ে আসার চেষ্টা করেন। এর মধ্যেই অনেকে আটকা পড়েন।
ফায়ার সার্ভিস জানায়, পোশাক কারখানাটি সাততলাবিশিষ্ট। রাসায়নিকের গুদামে ব্লিচিং পাউডার, প্লাস্টিক, হাইড্রোজেন পার–অক্সাইড ছিল।