× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

জনগণ সরকারের পদত্যাগ চায় : খন্দকার মোশাররফ

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ১৬ ডিসেম্বর ২০২২ ১৩:৫৮ পিএম

আপডেট : ১৬ ডিসেম্বর ২০২২ ১৪:০৮ পিএম

জনগণ সরকারের পদত্যাগ চায় : খন্দকার মোশাররফ

রাজধানীর গোলাপবাগের সমাবেশ থেকে বিএনপি ঘোষিত ১০ দফা জনগণের দাবি উল্লেখ করে জনগণ এ সরকারকে চায় না বলে মন্তব্য করেছেন বিএনপি স্থায়ী কমিটির জ্যেষ্ঠ সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন।

তিনি বলেন, ‘এ ১০ দফা দাবি বিএনপির নয়, জনগণের। জনগণ এরই মধ্যে বার্তা দিয়েছে বর্তমান সরকারের আর দেশ শাসন করার অধিকার নেই। তারা এ সরকারের পদত্যাগ চায়। একটি নিয়মতান্ত্রিক শান্তিপূর্ণ আন্দোলনের মাধ্যমে এ সরকারের পতন ঘটিয়ে অথবা পদত্যাগে বাধ্য করে নির্দলীয় সরকার প্রতিষ্ঠা করে জনগণের সরকার প্রতিষ্ঠা করবে।’

মহান বিজয় দিবস উপলক্ষে শুক্রবার (১৬ ডিসেম্বর) রাজধানীর শেরেবাংলা নগরে বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের মাজারে শ্রদ্ধা নিবেদন শেষে এসব কথা বলেন তিনি।

১০ ডিসেম্বর বিএনপির ঢাকা বিভাগীয় গণসমাবেশে সরকারের পদত্যাগ, নির্দলীয় নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকার প্রতিষ্ঠা ও এর অধীনে নির্বাচনসহ ১০ দফা দাবি উত্থাপন করা হয়।

এ বিষয়ে খন্দকার মোশাররফ বলেন, ‘সে লক্ষ্যে আমরা কাজ করছি। যারা এসব দফার সঙ্গে একমত পোষণ করেছেন, তারাও ভবিষ্যতে যুগপৎভাবে আন্দোলনে অংশগ্রহণ করবেন। আমরা নিয়মতান্ত্রিকভাবে জনগণকে সঙ্গে নিয়ে এর ফয়সালা করব।’

তিনি আরও বলেন, ‘বর্তমান সরকার দেশকে শোষণ করে ফোকলা বানিয়ে ফেলেছে। দেশ এখন অর্থনীতিতে দেউলিয়া হয়ে গেছে। দেশ এমন অবস্থায় উপনীত হয়েছে যে ব্যবসায়ীরা এলসি পর্যন্ত খুলতে পারছেন না।’

তিনি ‘বিএনপি জঙ্গিবাদের মদদদাতা’ওবায়দুল কাদেরের এ বক্তব্য নাকচ করে দিয়ে বলেন, ‘এ সরকার ক্ষমতায় টিকে থাকার জন্য মুক্তিযুদ্ধের ইতিহাস বিকৃত করেছে। বাংলাদেশের ৫০ বছরের ইতিহাস বিকৃত করেছে। তারা তাদের সুবিধামতো কথা বলে। জনগণ কিন্তু বিচার করবে, তারা (সরকার) সঠিক না জনগণ সঠিক। বর্তমান সরকারের পায়ের তলায় আর মাটি নেই।’

এ সময় বিএনপি স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়, ড. আবদুল মঈন খান, আমীর খসরু মাহমুদ চৌধুরী ও নজরুল ইসলাম খান, ভাইস চেয়ারম্যান আবদুল আউয়াল মিন্টু, অধ্যাপক ডা. এজেডএম জাহিদ হোসেন, অ্যাডভোকেট আহমেদ আজম খান ও ব্যারিস্টার শাহজাহান ওমর, বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টামণ্ডলীর সদস্য আমান উল্লাহ আমান,  যুগ্ম মহাসচিব হাবিব-উন নবী খান সোহেল, কেন্দ্রীয় নেতা অ্যাডভোকেট আবদুস সালাম আজাদ, মীর সরফত আলী সপু প্রমুখ উপস্থিত ছিলেন।

এর আগে সাভারে জাতীয় স্মৃতিসৌধে খন্দকার মোশাররফ হোসেনের নেতৃত্বে বিএনপি ও এর অঙ্গদলের নেতাকর্মীরা পুষ্পস্তবক অর্পণ করেন।

এ ছাড়া আজ বেলা আড়াইটায় নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে থেকে এক বর্ণাঢ্য বিজয় র‌্যালি বের করা হবে বলে জানিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত দপ্তর সম্পাদক সৈয়দ এমরান সালেহ প্রিন্স।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা