× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

গেন্ডারিয়ায়ও করা গেল না শরৎ উৎসব

প্রবা প্রতিবেদক

প্রকাশ : ১০ অক্টোবর ২০২৫ ১৪:২২ পিএম

গেন্ডারিয়ায়ও করা গেল না শরৎ উৎসব

এবার পুরান ঢাকার গেন্ডারিয়াতেও ‘শরৎ উৎসব ১৪৩২’ আয়োজন করতে পারেনি সত্যেন সেন শিল্পীগোষ্ঠী।

পূর্ব অনুমতি না থাকার কারণ দেখিয়ে শুক্রবার (১০ অক্টোবর) সকালে রাজধানীর গেন্ডারিয়ার কচিকাঁচার মেলার মাঠে আয়োজনের সকল প্রস্তুতি শেষে উৎসব শুরুর সময় তা বন্ধ করে দেয় ঢাকা মেট্রোপলিটন পুলিশের ওয়ারী বিভাগ।

ফলে ১৯ বছরের ধারাবাহিকতায় ঢাবি চারুকলা অনুষদের পরিবর্তে গেন্ডারিয়াতেও অসাম্প্রদায়িক চেতনায় আহবমান গ্রাম-বাংলার আবহকে নাগরিক জীবনে তুলে ধরার নান্দনিক এই আয়োজনটি এবার আর অনুষ্ঠিত হলো না।

এ বিষয়ে সত্যেন সেন শিল্পীগোষ্ঠীর সাধারণ সম্পাদক মানজার চৌধুরী সুইট বলেন, ‘আমরা চারুকলার বকুলতলায় ১৯ বছর ধরে এই উৎসবটি করে আসছি। কোভিড মহামারী ছাড়া কোনো বছরই উৎসবটি বন্ধ হয়নি। কিন্তু এবার চারুকলায় তো করতে দিল না। যে কারণে গেন্ডারিয়ার কচিকাঁচার মেলার মাঠে আয়োজনটা করতে চেয়েছিলাম। এখানে পুলিশের বাধায় করতে পারলাম না।’

তিনি আরও বলেন, ‘উৎসবটি করতে না পারলেও প্রতিবাদ সরূপ জাতীয় সংগীত পরিবেশন করেছি এবং প্রয়াত সংগীতশিল্পী ফরিদা পারভীনের স্মৃতির প্রতি এক মিনিট দাঁড়িয়ে নীরবতা পালনের পর শিশুদের চিত্রাংকন পর্বটা করেছি।’

শরৎ উৎসব বন্ধ করে দেওয়ার বিষয়ে জানতে চাইলে ঢাকা মেট্রোপলিটন পুলিশের উপ-পুলিশ কমিশনার (ওয়ারী বিভাগ) মোহাম্মদ হারুন অর রশিদ বলেন, ‘গেন্ডারিয়াতে শরৎ উৎসব করার ব্যাপারে কোনো পূর্ব-অনুমতি নেওয়া হয়নি।’

এর আগে ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) চারুকলা অনুষদের বকুলতলায় আজ শুক্রবার সকাল ৭টা ২৫ মিনিটে এবারের শরৎ উৎসব শুরু হওয়ার কথা ছিল। কিন্তু এবার প্রথমবারের মতো ‘অনেকের কাছ থেকে আপত্তি আসায়’ ঢাবি চারুকলা অনুষদ কর্তৃপক্ষ শেষ মুহূর্তে ‘গোলযোগ’ হওয়ার শঙ্কাকে কারণ দেখিয়ে ভেন্যু বরাদ্দ বাতিল করে। পরে (গতকাল ৯ অক্টোবর রাতে) আয়োজকেরা উৎসবটি একই সময়ে গেন্ডারিয়ার কচিকাঁচার মেলার মাঠে আয়োজন করার ঘোষণা দেয়। সেখানে আজ ভোর থেকে আয়োজনের সকল প্রস্তুতি সম্পন্ন করে অনুষ্ঠান শুরু করতে পারেনি পুলিশের বাধায়।

মানজার চৌধুরী সুইট বলেন, ‘আমরা চারুকলার বকুলতলায় উৎসবটি করার জন্য পুলিশের অনুমতি নিয়েছিলাম। চারুকলা কর্তৃপক্ষকে ২৬ হাজার টাকা ভেন্যু বরাদ্দ বাবদ ভাড়াও পরিশোধ করেছি। কিন্তু আগের রাতে আমাদেরকে কোনো কারণ ছাড়াই চারুকলায় ভেন্যু বরাদ্দ বাতিল করা হয়েছে। সেখানে অনুষ্ঠানটি করতে না পেরে আমরা গেন্ডারিয়াতে উৎসবটি করতে চেয়েছি। এখানেও পুলিশ এসে বন্ধ করে দিয়েছে।’

এ বিষয়ে বৃহস্পতিবার রাতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদের ডিন আজহারুল ইসলাম বলেন, ‘এখানে অনুষ্ঠান করা নিয়ে অনেকের কাছ থেকে আপত্তি এসেছে। আমাদের শিক্ষার্থীদের নানান পক্ষ থেকেও আপত্তি থাকার কারণে অনুষ্ঠানটি আগামিকাল এখানে করতে মানা করা হয়েছে।’

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা