× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

নদীতে ঝাঁপ দিয়ে প্রমাণ করতে চাই ফারদিন আত্মহত্যা করেনি : বাবা নূর উদ্দিন

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ১৫ ডিসেম্বর ২০২২ ১৬:৪৬ পিএম

আপডেট : ১৫ ডিসেম্বর ২০২২ ১৮:০৬ পিএম

ডিএমপি মিডিয়া সেন্টারে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন ফারদিনের বাবা নূর উদ্দিন। ছবি : প্রবা

ডিএমপি মিডিয়া সেন্টারে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন ফারদিনের বাবা নূর উদ্দিন। ছবি : প্রবা

বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) শিক্ষার্থী ফারদিন নূর ‘আত্মহত্যা’ করেছেন বলে গোয়েন্দা পুলিশের (ডিবি) দাবি প্রত্যাখ্যান করেছেন ফারদিনের বাবা নূর উদ্দিন। তার ছেলে আত্মহত্যা করেননি দাবি করে তা প্রমাণ করতে প্রয়োজনে সেই নদীতে ঝাঁপ দিতে চান তিনি।

বৃহস্পতিবার (১৫ ডিসেম্বর) দুপুরে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) মিডিয়া সেন্টারে সাংবাদিকদের অনুরোধ করে ফারদিনের বাবা বলেন, ‘আপনাদের অনুরোধ করব আপনারা ক্যামেরা নিয়ে সুলতানা কামাল ব্রিজে যাবেন, ওখানে আমি ঝাঁপিয়ে পড়ব। দেখব ওখান থেকে ঝাঁপিয়ে পড়লে কতটা আঘাত লাগে। আপনারাও দেখবেন।’

আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর উদ্দশে তিনি বলেন, ‘যেভাবে ওনারা ব্রিফ করবেন, যেভাবে ডিরেকশন দেবেন আমি সেভাবে ঝুলে পড়ব। ঝুলে পড়ে দেখিয়ে দেব, প্রমাণ করিয়ে দেব এই হলে এভাবে এটা হয়।’

ফারদিনের মৃত্যুর কারণ নিয়ে শুরুতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর নানা পর্যায় থেকে বিভিন্ন তথ্য তুলে ধরা হলেও এখন মামলার তদন্ত নতুন মোড় নিয়েছে। বুধবার তদন্তকারী সংস্থা গোয়েন্দা পুলিশ (ডিবি) দাবি করেছে, ফারদিন আত্মহত্যা করেছেন।

এরপর প্রতিক্রিয়ায় ফারদিনের বাবা দাবি করেন তার ছেলে আত্মহত্যা করতে পারেন না। এদিন তিনি বলেন, ‘আমার ছেলে আত্মহত্যা করতে পারে না, তাকে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে। পরিকল্পিতভাবে হত্যার পর এখন আত্মহত্যার নাটক সাজানো হচ্ছে।’

সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘সে (ফারদিন) সাঁতার জানত না। তার সুইসাইড করার জন্য রামপুরা থেকে হাতিরঝিলের লেকটাই চমৎকার জায়গা ছিল। সে কেন কেরানীগঞ্জে যাবে?’

নূর উদ্দিন আরও বলেন, ‘সব ধরনের পরিস্থিতির সঙ্গে চলতে পারা আমার ছেলে আত্মহত্যা করতে পারে না। ঘটনার দিন বুয়েটের উদ্দেশে বের হওয়ার আগে সে চুল কাটিয়েছিল এবং সেভ করেছিল। আত্মহত্যার আগে কি কেউ চুল কাটে, সেভ করে?’

ফারদিনের মরদেহের দুটি ছবি দেখিয়ে কাজী নূর উদ্দিন বলেন, ‘আমি ফারদিনের লাশ দেখেছি, তার মাথায় আঘাতের চিহ্ন ছিল।’

বুয়েট প্রশাসনের প্রতি ক্ষোভ প্রকাশ করে ফারদিনের বাবা বলেন, ‘বুয়েটের ভিসি এবং প্রশাসন কি জানতেন ফারদিনকে হত্যা করেছে যে কারণে তিনি আমার পরিবারকে সান্ত্বনা পর্যন্ত দেননি। প্রশাসনের পক্ষ থেকে কেউ আমাদের সঙ্গে দেখাও করেননি। আমার ছেলে বুয়েটে ভর্তি না হলে এমন পরিণতি হতো না।’

ডিবির এই তদন্ত নিয়ে নারাজি দেবেন কি নাজানতে চাইলে তিনি বলেন, ‘এর পরও কি আর নারাজি দিতে হবে!’

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা