প্রবা প্রতিবেদক
প্রকাশ : ২৯ সেপ্টেম্বর ২০২৫ ১৭:০০ পিএম
আপডেট : ২৯ সেপ্টেম্বর ২০২৫ ১৭:০১ পিএম
রবিবার (২৮ সেপ্টেম্বর) শেরেবাংলা নগরের আগারগাঁওয়ের ২৮ নম্বর ওয়ার্ডে অনুষ্ঠিত এ ক্যাম্পে ৭০০ জনেরও বেশি রোগী চিকিৎসাসেবা নেন।
সুবিধাবঞ্চিত মানুষের দোরগোড়ায় চক্ষু সেবা পৌঁছে দিতে রাজধানীতে একদিনের বিনামূল্যে চক্ষু শিবির আয়োজন করেছে স্বেচ্ছাসেবী সংগঠন ‘সোল ব্রাদার্স অফ বাংলাদেশ’।
রবিবার (২৮ সেপ্টেম্বর) শেরেবাংলা নগরের আগারগাঁওয়ের ২৮ নম্বর ওয়ার্ডে অনুষ্ঠিত এ ক্যাম্পে ৭০০ জনেরও বেশি রোগী চিকিৎসাসেবা নেন।
লায়ন্স চক্ষু ও জেনারেল হাসপাতালের সহযোগিতা এবং সেরা বাংলাদেশের পৃষ্ঠপোষকতায় আয়োজিত এ কার্যক্রমে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তানভীর ফারহান রাকিন ও জাহাঙ্গীর আলম বাবু। তারা পুরো আয়োজন তত্ত্বাবধান করেন।
ক্যাম্পের মূল কার্যক্রম
বিনামূল্যে চক্ষু পরীক্ষা: চারজন অভিজ্ঞ চিকিৎসকের দল ৭০০ জনেরও বেশি রোগীর চোখ পরীক্ষা করেন।
ছানি অপারেশনের জন্য রোগী বাছাই: প্রায় ৫০ জন রোগীকে ছানি অপারেশনের জন্য নির্বাচিত করা হয়। লায়ন্স চক্ষু ও জেনারেল হাসপাতালে তাদের সম্পূর্ণ বিনামূল্যে অস্ত্রোপচার করা হবে।
বিনামূল্যে চশমা ও ওষুধ বিতরণ: পরীক্ষার ভিত্তিতে অনেক রোগীকে চশমা ও প্রয়োজনীয় ওষুধ সরবরাহ করা হয়।
শুধু চিকিৎসকই নয়, সোল ব্রাদার্স অফ বাংলাদেশের ২০ জনেরও বেশি স্বেচ্ছাসেবী সক্রিয়ভাবে অংশ নেন। তাদের সহযোগিতায় ক্যাম্পটি সুষ্ঠুভাবে সম্পন্ন হয়।
স্থানীয় মানুষকে ক্যাম্প সম্পর্কে অবহিত করতে আয়োজকরা চালান ব্যাপক প্রচারণা। এর মধ্যে ছিল এলাকার মসজিদ ও স্কুলে বিজ্ঞপ্তি প্রেরণ এবং টানা তিন দিন ধরে আগারগাঁও নতুন রাস্তা, বস্তি ও বাজার এলাকায় মাইকিং।
সংগঠনের প্রতিনিধিরা জানান, সমাজের সব শ্রেণির মানুষের পাশে দাঁড়ানো ও ইতিবাচক পরিবর্তনের জন্য সচেতনতা তৈরি করাই তাদের মূল লক্ষ্য। ভবিষ্যতে আরও বড় পরিসরে এ ধরনের মানবিক উদ্যোগ নেওয়ার পরিকল্পনাও রয়েছে তাদের।