গাজীপুর প্রতিবেদক
প্রকাশ : ২৯ সেপ্টেম্বর ২০২৫ ১৫:০৪ পিএম
প্রতীকী ছবি
গাজীপুরের ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে পিকআপ ও যাত্রীবাহী অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে দুইজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও ৫ জন। সোমবার (২৯ সেপ্টেম্বর) সকাল ৮টার দিকে মহানগরীর ইউটা গার্মেন্টসের সামনে দুর্ঘটনাটি ঘটে।
নিহতরা হলেন, গাজীপুর মহানগরীর দক্ষিণ সালনা এলাকার ইউসুফ আলীর ছেলে এমদাদুল হক এবং একজন অজ্ঞাতপরিচয় নারী। আহতদের নাম পরিচয় জানা যায়নি।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, সোমবার সকাল ৮ টার দিকে তেলিপাড়া এলাকায় ইউটা কারখানা সামনে দুর্ঘটনা ঘটে। ঢাকাগামী একটি পিকআপ ভ্যানের সাথে উল্টো দিক থেকে আসা যাত্রী বোঝাই অটোরিকশার সংঘর্ষে ঘটনাস্থলেই দুজনের মৃত্যু হয়। এ সময় আহত পাঁচজনকে উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়।
গাজীপুর শহীদ তাজউদ্দিন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগের কর্মকর্তা মোহাম্মদ আবুল ফজল জানান, সকালে দুর্ঘটনায় নিহত দুইজনকে মৃত অবস্থায় হাসপাতালে আনা হয়। বর্তমানে পাঁচজন আহত রোগী ভর্তি আছেন এবং তাদের চিকিৎসা চলছে।
গাজীপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মেহেদী হাসান বলেন, সড়ক দুর্ঘটনায় ২ জনের মৃত্যু হয়েছে। নিহতদের মরদেহ উদ্ধার করা হয়েছে। এ বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।