প্রবা প্রতিবেদক
প্রকাশ : ২৭ সেপ্টেম্বর ২০২৫ ২২:২১ পিএম
আপডেট : ২৭ সেপ্টেম্বর ২০২৫ ২২:২৯ পিএম
রাজধানীর উত্তর বাড্ডা এলাকায় অজ্ঞান পার্টির খপ্পরে পড়ে মোঃ টিপু মৃধা (৪৫) নামের এক টাইলস মিস্ত্রি লাখ টাকা খুইয়েছেন। শনিবার (২৭ সেপ্টেম্বর) বিকালে দিকে এ ঘটনা ঘটে। পরে তাকে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
টিপু মৃধা পটুয়াখালী জেলার কলাপাড়া উপজেলার টেপু পাড়া গ্রামের ফারুক মৃধার ছেলে। বর্তমানে সে ও তার স্ত্রী নারায়ণগঞ্জ ফতুল্লা এলাকায় ভাড়া বাসায় থাকে।
তার স্ত্রী আখি আক্তার জানান, আমার স্বামী পেশায় একজন টাইলস মিস্ত্রি ও পাশাপাশি ঠিকাদারি কাজ করেন। নারায়ণগঞ্জ থেকে সকালে উত্তর বাড্ডায় তার বোনের বাসা থেকে ১ লাখ টাকা নিয়ে বাসায় ফেরার পথে রাস্তায় অজ্ঞান পার্টির সদস্যরা তাকে অচেতন করে তার থেকে টাকা নিয়ে পালিয়ে যায়। পরে পথচারীরা আমার স্বামীকে অচেতন অবস্থায় উদ্ধার করে প্রথমে স্থানীয় একটি হাসপাতালে নিয়ে যায়। আমরা খবর পেয়ে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেলে নিয়ে আসি।
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মোঃ ফারুক জানান, টিপু মৃধাকে ঢাকা মেডিকেলে জরুরি বিভাগে নিয়ে আসলে পাকস্থলী ওয়াশ দিয়ে নতুন ভবনের ৬০২ নম্বর ওয়ার্ডে ভর্তি করা হয়েছে। বিষয়টি আমরা সংশ্লিষ্ট থানাকে অবগত করেছি।