প্রবা প্রতিবেদক
প্রকাশ : ২৪ সেপ্টেম্বর ২০২৫ ১৬:৫২ পিএম
প্রতীকী ছবি।
রাজধানীর ফার্মগেট ও তেজগাঁও এলাকায় নিষিদ্ধ কার্যক্রম চালিয়ে ঝটিকা মিছিল বের করেন আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা। এ সময় পুলিশ অভিযান চালিয়ে ৩০ জনকে আটক করে এবং চারটি ককটেল উদ্ধার করে।
বুধবার (২৪ সেপ্টেম্বর) দুপুরে তাদের আটক করা হয়েছে বলে জানান ঢাকা মহানগর পুলিশের গোয়েন্দা শাখার (ডিবি) প্রধান মো. শফিকুল ইসলাম।
তিনি বলেন, এখন পর্যন্ত ৩০ জনকে আটক ও চারটি ককটেল উদ্ধার করা হয়েছে। অভিযান চলমান, অভিযান শেষে বিস্তারিত জানানো হবে।
ডিএমপির উপ-পুলিশ কমিশনার (মিডিয়া) মুহাম্মদ তালেবুর রহমান জানান, ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) বিভিন্ন টিম দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এসময় পানি ভবনের সামনে থেকে চারটি তাজা ককটেল উদ্ধার করা হয়।
পুলিশ কর্মকর্তা তালেবুর রহমান আরও জানান, এ বিষয়ে আজ বিকালে ডিএমপি মিডিয়া সেন্টারে আয়োজিত সংবাদ সম্মেলনে বিস্তারিত জানাবেন ডিএমপির অতিরিক্ত পুলিশ কমিশনার এসএন মো. নজরুল ইসলাম
পুলিশ বলছে, রাজনৈতিক অস্থিতিশীলতা সৃষ্টির উদ্দেশ্যে এই নাশকতা চালানো হচ্ছিল। ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।