প্রবা প্রতিবেদক
প্রকাশ : ২০ সেপ্টেম্বর ২০২৫ ০৯:৫২ এএম
আপডেট : ২০ সেপ্টেম্বর ২০২৫ ১০:২১ এএম
প্রতীকী ছবি।
রাজধানীর যাত্রাবাড়ীতে একটি বাসায় শীতাতপ নিয়ন্ত্রিত যন্ত্র (এসি) বিস্ফোরণে নারী-শিশুসহ একই পরিবারের চারজন সদস্য দগ্ধ হয়েছেন। তাদের জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয়েছে।
শুক্রবার (১৯ সেপ্টেম্বর) দিবাগত রাত দেড়টার দিকে ধলপুর বউবাজার লিচুবাগান মসজিদের পার্শ্ববর্তী একটি ভবনে এ ঘটনা ঘটে।
দগ্ধরা হলেন- মো. তুহিন হোসেন (৩৮), তার স্ত্রী ইবা আক্তার (৩০), দুই ছেলে তাওহীদ (৭) ও তানভীর (৯)। তুহিন মোতালেব প্লাজায় একটি মোবাইল সার্ভিসিং দোকানে কাজ করেন। তাদের বাড়ি মাদারীপুরের সদর উপজেলায়।
তাদের নিয়ে আসা ইভার বোন ফারজানা আক্তার জানান, শুক্রবার রাত দেড়টার দিকে যাত্রাবাড়ীর ধলপুর লিচুবাগান এলাকার একটি সাততলা ভবনে আগুনের ঘটনা ঘটে। ঘুমন্ত অবস্থায় হঠাৎ বিকট শব্দে বাসার এসি বিস্ফোরণ হয়। এতে তার বোন, দুই ভাগ্নে ও বোনের স্বামী দগ্ধ হন। রাতেই তাদেরকে উদ্ধার করে জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয়।
তিনি আরও জানান, তাদের গ্রামের বাড়ি ফরিদপুর সদর উপজেলায়। বর্তমানে তারা যাত্রাবাড়ীর ধলপুর লিচুবাগান এলাকার ওই সাততলা ভবনে বসবাস করছিলেন। তুহিন মোতালেব প্লাজায় একটি মোবাইল সার্ভিসিং দোকানে কাজ করতেন বলেও জানান তিনি।
জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের আবাসিক চিকিৎসক ডা. শাওন বিন রহমান বলেন, যাত্রাবাড়ী ধলপুর এলাকায় এসি বিস্ফোরণে দগ্ধ হয়ে চারজন রোগী এখানে ভর্তি হয়েছেন। তুহিনের শরীরের ৪৭ শতাংশ, তার স্ত্রী ইভার ১৫ শতাংশ, ছেলে তানভীরের ৪০ শতাংশ এবং ছোট ছেলে তাওহীদের শরীরের ৮ শতাংশ দগ্ধ হয়েছে। তাদের মধ্যে তিনজনের অবস্থা আশঙ্কাজনক। এছাড়া তাদের শ্বাসনালীতেও জখম (ইনহেলেশন বার্ন) রয়েছে।