প্রবা প্রতিবেদক
প্রকাশ : ১১ সেপ্টেম্বর ২০২৫ ১৫:৪৭ পিএম
রাজধানী ঢাকার জলাবদ্ধতার একটি বড় কারণ যেখানে সেখানে ময়লা ফেলা বলে দাবি করেছেন ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) প্রশাসক মোহাম্মদ এজাজ। তিনি বলেন, যারা সেখানে সেখানে ময়লা ফেলছে তাদের শাস্তির আওতায় আনতে জরিমানা করা হবে।
বৃহস্পতিবার (১১ সেপ্টেম্বর) রাজধানীর গুলশানে নগর ভবনে ঢাকার জলাবদ্ধতা নিরসনে ডিএনসিসির উদ্যোগ ও কর্মপরিকল্পনা বিষয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে এক প্রশ্নের জবাব তিনি এ কথা বলেন।
মোহাম্মদ এজাজ বলেন, অবৈধভাবে ফুটপাতে দোকান, এনারাও এ জন্য দায়ী। নাগরিক হিসেবে আমরা কেন ময়লা রাস্তার মধ্যে ফেলবো?
আরেক প্রশ্নের জবাবে তিনি বলেন, আমরা রাস্তায় ময়লা না ফেলতে জনসচেতনতামূলক কাজ প্রতিদিন করছি। কাজ করার পরও যে পরিমাণ ময়লা মানুষ যেখানে সেখানে ফেলছেন, আমরা এখন চিন্তা করছি যে, এটা নিয়ে শাস্তিমূলক জায়গায় যেতে হবে, এ ছাড়া আর কোন উপায় নেই।
ব্যানার পোস্টার যারা লাগাচ্ছে তাদের তালিকা করা হচ্ছে বলে জানিয়েছেন প্রশাসক। তিনি বলেন, সারা ঢাকা শহর ব্যানার পোস্টারে ভরিয়ে ফেলা হচ্ছে। আমরা তালিকা করে তাদের চিঠি দিচ্ছি। এর পর জরিমানা করবো।
সংবাদ সম্মেলনে ঢাকা শহরের জলাবদ্ধতা নিরশনে উত্তর সিটি করপোরেশনের নেয়া উদ্যোগের বিভিন্ন তথ্য জানান এজাজ। এ ছাড়া জলাবদ্ধতা নিরসনে আগামী দিনে উত্তর সিটি করপোরেশন যে পরিকল্পনা হাতে নিয়েছে সেগুলোও উল্লেখ করেন তিনি।