প্রবা প্রতিবেদক
প্রকাশ : ০৪ সেপ্টেম্বর ২০২৫ ১০:১৬ এএম
ফাইল ফটো
রাজধানীর তেজগাঁও বিজয় সরণি সিগন্যাল এলাকায় ট্রাকচাপায় রাকিব (৩০) নামে এক যুবক নিহত হয়েছেন।
বৃহস্পতিবার (৪ সেপ্টেম্বর) সকাল পৌনে ৬টার দিকে এ দুর্ঘটনা ঘটে। গুরুতর আহত অবস্থায় স্থানীয়রা তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
পথচারী আব্দুল কাইয়ুম জানান, রাকিব বাইসাইকেল চালিয়ে বিজয় সরণি সিগন্যাল পার হচ্ছিলেন। এ সময় একটি ট্রাক তাকে চাপা দেয়। এতে তিনি গুরুতর আহত হন। পরে তাকে হাসপাতালে নেয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
নিহতের বোন মারিয়া জানান, রাকিব তিব্বত কোম্পানিতে চাকরি করতেন। প্রতিদিনের মতো বাইসাইকেল চালিয়ে কর্মস্থলে যাওয়ার পথে এ দুর্ঘটনা ঘটে। তাদের গ্রামের বাড়ি লক্ষ্মীপুরের রামগঞ্জ উপজেলার বদরপুরে। বর্তমানে তিনি ফার্মগেট এলাকায় পরিবার নিয়ে থাকতেন।
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মো. ফারুক বলেন, মরদেহ মর্গে রাখা হয়েছে। বিষয়টি সংশ্লিষ্ট থানাকে জানানো হয়েছে।