× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

এপ্রিল থেকে ঢাকায় কোনো বাস কাউন্টার থাকবে না : মেয়র তাপস

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ১৩ ডিসেম্বর ২০২২ ১৯:০৮ পিএম

মঙ্গলবার (১৩ ডিসেম্বর) ডিএসসিসির বুড়িগঙ্গা হলে বাস রুট রেশনালাইজেশনের ২৫তম সভায় ডিএসসিসির মেয়র শেখ ফজলে নূর তাপস ও ডিএনসিসি মেয়র মো. আতিকুল ইসলাম। ছবি: প্রবা

মঙ্গলবার (১৩ ডিসেম্বর) ডিএসসিসির বুড়িগঙ্গা হলে বাস রুট রেশনালাইজেশনের ২৫তম সভায় ডিএসসিসির মেয়র শেখ ফজলে নূর তাপস ও ডিএনসিসি মেয়র মো. আতিকুল ইসলাম। ছবি: প্রবা

আগামী বছরের ১ এপ্রিল থেকে ঢাকা শহরের ভেতর কোনো বাস কাউন্টার থাকতে পারবে না বলে জানিয়েছেন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) মেয়র ও বাস রুট রেশনালাইজেশন কমিটির প্রধান ব্যারিস্টার শেখ ফজলে নূর তাপস। একই দিন থেকে রাজধানীর আরও দুটি নতুন রুটে ফ্রাঞ্চাইজি বাস সার্ভিস ‘ঢাকা নগর পরিবহন’ চালু হবে বলেও জানিয়েছেন তিনি।

নতুন চালু হওয়া রুট দুটির মধ্যে ঘাটারচর থেকে মিরপুর ১০ থেকে কালশি হয়ে আবদুল্লাহপুর পর্যন্ত ২৪ নম্বর এবং ঘাটারচর থেকে মহাখালী হয়ে আবদুল্লাহপুর পর্যন্ত ২৫ নম্বর রুট নির্ধারণ করা হয়েছে।

মঙ্গলবার (১৩ ডিসেম্বর) ডিএসসিসির বুড়িগঙ্গা হলে বাস রুট রেশনালাইজেশনের ২৫তম সভা শেষে তিনি সাংবাদিকদের এসব তথ্য জানান।

তাপস বলেন, ‘আমাদের বাস টার্মিনাল আছে কিন্তু সঠিকভাবে বাস্তবায়ন বা কার্যকারিতা নেই। আমরা এ বিষয়ে আরও কঠোর হতে চাই।’

তিনি বলেন, ‘সায়েদাবাদ বাস টার্মিনালটির সংস্কার কাজ চলছে। এর কাজ আগামী মার্চ মাসের মধ্যে শেষ হবে। এটি এপ্রিল মাস থেকে চালু হবে এবং মহাখালী ও গাবতলী বাস টার্মিনালের সংস্কারের উদ্যোগ নেওয়া হবে।’

এসব উদ্যোগ সম্পন্ন করে ২০২৩ সালের ১ এপ্রিল থেকে ঢাকা শহরের টার্মিনাল ব্যতীত অন্য কোথাও কোনো যত্রতত্র বাস কাউন্টার রাখা হবে না বলে জানান মেয়র ফজলে নূর তাপস। 

তিনি বলেন, ‘আমরা দেখি জিগাতলা, কলাবাগান ও খিলগাঁও কাউন্টার। যার যেখানে ইচ্ছা বাস কাউন্টার খুলে বসেছে। এসব কাউন্টারের কারণে যানজটসহ অনেক সমস্যার সৃষ্টি হয়।’

নতুন চালু হতে যাওয়া দুটি ও পূর্বঘোষিত একটি রুটে নগর পরিবহনের বাস আগামী বছরের ৩১ জানুয়ারি ও ১ এপ্রিল থেকে শুরু হবে বলে জানান দক্ষিণের মেয়র। 

মেয়র তাপস বলেন, ‘পূর্ব ঘোষণা অনুযায়ী ঘাটারচর থেকে মোহাম্মদপুর, শ্যামলী, দৈনিক বাংলা হয়ে কাঁচপুর পর্যন্ত ২৩ নম্বর রুটে আগামী বছর ৩১ জানুয়ারি থেকে ১০০টি নতুন বাস যাত্রা শুরু করবে।’

সভায় ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) মেয়র মো. আতিকুল ইসলাম বলেন, ‘আমরা বাস রুট রেশনালাইজেশনের মাধ্যমে ঢাকার সড়কে শৃঙ্খলা ফিরিয়ে আনতে কাজ করছি। অথচ প্রায়ই দেখা যায়, টার্মিনালগুলোর সামনে বাসগুলো রাস্তায় দাঁড়িয়ে থাকে। এর ফলে সড়কে যানজট সৃষ্টি হচ্ছে, শৃঙ্খলা ব্যাহত হচ্ছে। ১ এপ্রিল থেকে কোনো বাস রাস্তায় দাঁড়াতে পারবে না। টার্মিনালের বাইরে কোনো বাস দাঁড়ালে ব্যবস্থা নেওয়া হবে।’

তিনি বলেন, ‘২১,২২ ও ২৬ নাম্বার রুটে শুধু রুট পারমিটবিহীন বাস নয়, নগর পরিবহন ছাড়া অন্য কোনো বাস চলবে না। এই রুটে শুধু নগর পরিবহন চলবে।’

বাস রুট রেশনালাইজেশনের ২৫তম সভায় ঘোষিত রুটগুলোর স্টপেজ সম্পর্কে জানানো হয়। ২৩ নম্বর রুটে নগর পরিবহনের বাস ঘাটারচর থেকে যাত্রা শুরু করে ওয়াশপুর-বসিলা-মোহাম্মদপুর-জাপান গার্ডেন সিটি-শ্যামলী-কলেজ গেট-আসাদ গেট-কলাবাগান-সায়েন্স ল্যাব-শাহবাগ-মৎস্য ভবন-প্রেস ক্লাব-গুলিস্তান (জিরো পয়েন্ট)-দৈনিক বাংলা-রাজারবাগ-কমলাপুর-ধলপুর-যাত্রাবাড়ী-শনির আখরা-রায়েরবাগ-মাতুয়াইল-সাইনবোর্ড হয়ে চিটাগং রোড স্টপেজে গিয়ে যাত্রা শেষ করবে।

অন্যদিকে ঘাটারচর থকে যাত্রা শুরু করে বসিলা-মোহাম্মদপুর বাসস্ট্যান্ড-শিশুমেলা-আগারগাঁও-মিরপুর ১০ হয়ে কালশী ফ্লাইওভার -এয়ারপোর্ট-জসিমউদ্দীন আব্দুল্লাহপুর (সাময়িক) গিয়ে যাত্রা শেষ করবে ২৪ নম্বর রুটের নগর পরিবহনের বাস।

এছাড়া ২৫ নম্বর রুটের বাস ঘাটারচর থেকে যাত্রা শুরু করে বসিলা-মোহাম্মদপুর বাস স্ট্যান্ড-আসাদগেট-মানিক মিয়া এভিনিউ দিয়ে খামারবাড়ি হয়ে বিজয় সরণি-জাহাঙ্গীর গেইট-শাহিন স্কুল-মহাখালী (ফ্লাইওভারের নিচ দিয়ে)-কাকলি-বনানী উড়ালসেতু হয়ে-রিজেন্সি-এয়ারপোর্ট-জসিমউদ্দীন-আব্দুল্লাহপুর (সাময়িক) স্টপেজে গিয়ে যাত্রা শেষ করবে।

সভায় ঢাকা পরিবহন সমন্বয় কর্তৃপক্ষের নির্বাহী পরিচালক সাবিহা পারভীন, বাংলাদেশ রোড ট্রান্সপোর্ট করপোরেশনের চেয়ারম্যান মো. তাজুল ইসলাম, ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের ভারপ্রাপ্ত প্রধান নির্বাহী কর্মকর্তা ও সচিব আকরামুজ্জামান, ঢাকা মেট্টোপলিটন পুলিশের (ট্রাফিক) অতিরিক্ত পুলিশ কমিশনার মো. মুনিবুর রহমানসহ আরও অনেকে উপস্থিত ছিলেন।


শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা