প্রবা প্রতিবেদক
প্রকাশ : ৩০ আগস্ট ২০২৫ ১০:৪৭ এএম
আপডেট : ৩০ আগস্ট ২০২৫ ১০:৫২ এএম
ছবি: সংগৃহীত
রাজধানীর কাকরাইলে জাতীয় পার্টির (জাপা) কেন্দ্রীয় কার্যালয়ের সামনে সকাল থেকেই পুলিশ মোতায়েন রয়েছে। তবে সেখানে জাপা কিংবা অন্য কোনো রাজনৈতিক দলের নেতাকর্মীর উপস্থিতি দেখা যায়নি।
শনিবার (৩০ আগস্ট) সকালে কাকরাইলে জাতীয় পার্টির অফিসের সামনে এ চিত্র দেখা যায়।
দায়িত্বরত রমনা থানার উপ-পরিদর্শক (এসআই) শান্ত জানান, সকাল ৮টা থেকে তারা দায়িত্ব পালন করছেন। পরবর্তী নির্দেশ না আসা পর্যন্ত অবস্থান বজায় থাকবে। মোতায়েনকৃত পুলিশ সদস্যরা রমনা থানা ও রাজারবাগ পুলিশ লাইন থেকে এসেছেন।
এদিকে কার্যালয়সংলগ্ন দোকানগুলো খুলতে শুরু করেছে। তবে শুক্রবার রাতে পাল্টাপাল্টি ধাওয়া ও ইটপাটকেল নিক্ষেপের ঘটনায় সড়কে ছড়িয়ে থাকা ইটপাটকেল এখনো রয়ে গেছে। আশপাশের দোকানগুলোতেও ইট ঢুকে যায়। দোকান খোলার পর থেকেই ব্যবসায়ীরা সেগুলো পরিষ্কার করছেন।
শুক্রবার (২৯ আগস্ট) রাত সাড়ে ৯টার দিকে জাপা কার্যালয়ের সামনে সহিংস ঘটনায় গুরুতর আহত হন গণঅধিকার পরিষদের সভাপতি ও ডাকসুর সাবেক ভিপি নুরুল হক নুর। ভিডিও ফুটেজে দেখা যায়, নুরের মুখ থেকে বুক পর্যন্ত রক্তে ভেসে গেছে এবং নাক ফেটে গেছে। পরে তাকে স্ট্রেচারে করে হাসপাতালে নেওয়া হয়। বর্তমানে তিনি ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) চিকিৎসাধীন আছেন।
তবে শনিবার (৩০ আগস্ট) সকালে নুরুল হকের ফেসবুক পেজে বলা হয়, নুরুল হক নুরের ওপর গতরাতে হামলার পর এখন পর্যন্ত তিনি আইসিইউতে চিকিৎসাধীন। এখন তার কিছুটা হুঁশ ফিরেছে। সবাই তার জন্য দোয়া করবেন। পোস্টে সঙ্গে নুরের দুটি ছবিও প্রকাশ করা হয়েছে। যেখানে দেখা যায়, তিনি হাসপাতালের বেডে শুয়ে আছেন, নাকে ব্যান্ডেজ বাঁধা এবং মুখে অক্সিজেন মাস্ক লাগানো।