কেরানীগঞ্জ (ঢাকা) প্রতিবেদক
প্রকাশ : ২৮ আগস্ট ২০২৫ ১৮:৫৭ পিএম
পুলিশের পরিচয়ে প্রতারণা ও চাঁদা দাবির অভিযোগে তিনজনকে গ্রেপ্তার করেছে ডিবি পুলিশ। এসময় প্রতারণার কাজে ব্যবহৃত ১২টি মোবাইল ফোন ও পাঁচটি ভিজিটিং কার্ড উদ্ধার করা হয়। এ ঘটনায় থানায় মামলা হয়েছে।
বৃহস্পতিবার (২৮ আগস্ট) দুপুরে কেরানীগঞ্জ মডেল থানায় সংবাদ সম্মেলনে কেরানীগঞ্জ সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মো. জাহাঙ্গীর আলম বিষয়টি নিশ্চিত করেন।
তিনি বলেন, গ্রেপ্তার আসামিরা ঢাকা জেলার পুলিশ সুপারের পোশাক পরিহিত ছবি হোয়াটসঅ্যাপে ব্যবহার করে ঢাকা জেলাসহ সারা দেশে সাধারণ মানুষের কাছে চাঁদা দাবি করত। এছাড়া সাধারণ মানুষকে ভয়ভীতি ও ক্ষমতা দেখিয়ে প্রতারণা করে টাকা হাতিয়ে নিতো। এমন অভিযোগের ভিত্তিতে ২৭ আগস্ট সকালে ঢাকা জেলার ডিবির (দক্ষিণ) ওসি সাইদুল ইসলামের নেতৃত্বে একটি গোয়েন্দা দল তথ্যপ্রযুক্তির সহায়তায় রাজশাহীর বাঘা থানার আশরাফপুরসহ বিভিন্ন এলাকায় বিশেষ অভিযান চালিয়ে ইমন আলী, নাহিদুল ইসলাম ও তানজির ওরফে তানজু নামে তিনজনকে গ্রেপ্তার করে।
পুলিশ জানায়, প্রাথমিক জিজ্ঞাসাবাদে ঘটনার সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করেন আসামিরা। এ ঘটনায় কেরানীগঞ্জ মডেল থানায় মামলা দায়ের করা হয়েছে। এদের মধ্যে ইমন আলীর নামে পূর্বে আইসিটি অ্যাক্টে তিনটি মামলা রয়েছে। তাদের আদালতে পাঠানো হয়েছে।