প্রবা প্রতিবেদক
প্রকাশ : ২৬ আগস্ট ২০২৫ ২০:৩৩ পিএম
আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য আমির হোসেন আমুর ব্যক্তিগত সহকারী আবুল কালাম আজাদকে গ্রেপ্তার করেছে পুলিশ।
মঙ্গলবার (২৬ আগস্ট) সকালে রাজধানীর ধানমন্ডি এলাকা থেকে তাকে গ্রেপ্তার করে পুলিশ।
ধানমন্ডি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ক্যশৈন্যু মারমা গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি বলেন, আসামির বিরুদ্ধে জুলাই অভ্যুত্থানে ছাত্র-জনতার ওপর হামলা ও হত্যার অভিযোগে ধানমন্ডি থানায় মামলা রয়েছে। ঝিগাতলা এলাকার বাসিন্দা নুর মোহাম্মদ গত ৬ জুলাই মামলাটি করেছেন।
কালামের বিরুদ্ধে দেশের বিভিন্ন এলাকায় একাধিক মামলা রয়েছে। এছাড়া তার বিরুদ্ধে ক্ষমতার অপব্যবহার ও সাবেক সংসদ সদস্য আমির হোসেন আমুর প্রভাব খাটিয়ে অবৈধ সম্পদ অর্জনের অভিযোগ রয়েছে।
আবুল কালাম আজাদ ঝালকাঠির রাজাপুর উপজেলার গালুয়া ইউনিয়নের মৃত হারুন তালুকদারের ছেলে।