প্রবা প্রতিবেদক
প্রকাশ : ২৬ আগস্ট ২০২৫ ১১:৪৮ এএম
ছবি: সংগৃহীত
হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এক বিদেশি নারী যাত্রীর লাগেজ থেকে বিপুল পরিমাণ কোকেন জব্দ করেছে কাস্টমস গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তর। উদ্ধার হওয়া মাদকের ওজন ৮ দশমিক ৬৬ কেজি, যার আনুমানিক বাজারমূল্য প্রায় ১৩০ কোটি টাকা।
কাস্টমস সূত্র জানায়, সোমবার (২৫ আগস্ট) দিবাগত রাত আড়াইটার দিকে দোহা থেকে ঢাকায় আসা কাতার এয়ারওয়েজের একটি ফ্লাইটে (QR638) যাত্রী কারেন পেটুলা স্টাফেল ঢাকায় পৌঁছান। গোপন সংবাদের ভিত্তিতে নজরদারির অংশ হিসেবে তাকে শনাক্ত করা হয়।
পরে তার লাগেজ স্ক্যানিং ও তল্লাশি চালিয়ে তিনটি প্লাস্টিকের জার উদ্ধার করা হয়। ওই জার থেকে ২২টি ডিম্বাকৃতির প্যাকেটে মোড়ানো কোকেন পাওয়া যায়। প্রাথমিক পরীক্ষায় তা কোকেন হিসেবে নিশ্চিত হয়।
আটক যাত্রীর পাসপোর্ট নম্বর R1165532 এবং বোর্ডিং পাস নম্বর 7IBAHK বলে জানিয়েছে কাস্টমস কর্তৃপক্ষ। এ সময় বিমানবন্দর থানার পুলিশ ও অন্যান্য গোয়েন্দা সংস্থার কর্মকর্তারাও উপস্থিত ছিলেন।
ঘটনার সঙ্গে সংশ্লিষ্ট মাদক চোরাচালানের অভিযোগে ফৌজদারি আইন ও কাস্টমস আইনে মামলা দায়েরের প্রক্রিয়া চলছে। কাস্টমস গোয়েন্দাদের দাবি, এ অভিযানে বিদেশ থেকে বিপুল পরিমাণ কোকেন দেশে প্রবেশের চেষ্টা ভেস্তে গেছে।