প্রবা প্রতিবেদক
প্রকাশ : ২৪ আগস্ট ২০২৫ ০০:৪৩ এএম
আপডেট : ২৪ আগস্ট ২০২৫ ০০:৪৫ এএম
প্রতীকী ছবি
রাজধানীতে বাসায় ডেকে নিয়ে শিশু ধর্ষণের অভিযোগ পাওয়া গেছে। গতকাল শনিবার (২৩ আগস্ট) রাজধানীর বাসাবোতে ১০ বছর বয়সি এক শিশুকে বাসায় ডেকে ধর্ষণের অভিযোগ উঠেছে ২০ বছর বয়সি প্রতিবেশী যুবকের বিরুদ্ধে। অভিযুক্ত মো. রিমনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
শিশুটির স্বজন জানান, প্রতিবেশী যুবক শিশুটিকে বাসায় ডেকে নিয়ে ধর্ষণ করে। শিশুটির বাবা পেশায় রিকশাচালক, মা গৃহিণী। ঘটনার সময় বাবা কাজে ছিলেন, মাও বাসায় ছিলেন না।
ভুক্তভোগী শিশুটি এলাকায় সুবিধাবঞ্চিত শিশুদের জন্য পরিচালিত একটি স্কুলে পড়ত। স্কুল কর্তৃপক্ষ জানিয়েছে, শুরুতে ঘটনাটি স্থানীয়ভাবে মীমাংসার চেষ্টা করা হয়। শিশুটির পরিবারকেও এজন্য চাপ প্রয়োগ করা হয়। পরে স্কুল কর্তৃপক্ষ শক্ত অবস্থান নিলে শিশুটির বাবা ফোন করে পুলিশকে বিষয়টি জানান। পুলিশ ও এলাকাবাসীর সহায়তায় শিশুটিকে উদ্ধার করা হয়। এ ঘটনায় রাজধানীর সবুজবাগ থানায় মামলা হয়েছে।
এ বিষয়ে সবুজবাগ থানার পরিদর্শক (তদন্ত) মো. ইসমাঈল হোসেন খান বলেন, ধর্ষণের ঘটনায় মামলা হয়েছে, অভিযুক্তকে গ্রেপ্তার করা হয়েছে। শিশুটিকে ঢাকা মেডিকেলের ওয়ান-স্টপ ক্রাইসিস সেন্টারে (ওসিসি) পাঠানো হয়েছে।