প্রবা প্রতিবেদক
প্রকাশ : ২৩ আগস্ট ২০২৫ ১৫:৪৫ পিএম
ফাইল ফটো
ঢাকার কেরানীগঞ্জ মডেল টাউনে একটি বহুতল ভবনের সপ্তম তলায় এসি বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এ ঘটনায় একই পরিবারের চারজন অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন।
শনিবার (২৩ আগস্ট) দুপুরে তাদের জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের জরুরি বিভাগে ভর্তি করা হয়। এর আগে, গেল রাত আড়াইটার দিকে ভবনের একটি কক্ষে সিগারেটের আগুন থেকে এসিতে বিস্ফোরণ ঘটে।
আহতরা হলেন—মোহাম্মদ মামুন (৪৫), তার স্ত্রী লাকি আক্তার (৩৮) এবং তাদের দুই ছেলে মিহাদ (১৬) ও সিয়াম (১২)।
জানা গেছে, রাত আড়াইটার দিকে ভবনের একটি কক্ষে সিগারেটের আগুন থেকে এসিতে বিস্ফোরণ ঘটে। ধোঁয়ায় শ্বাসকষ্ট শুরু হলে তারা অসুস্থ হয়ে পড়েন। প্রথমে তাদের স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। পরে অবস্থার অবনতি হলে আজ দুপুর দেড়টার দিকে জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের জরুরি বিভাগে ভর্তি করা হয়।
আহতদের শালিকা ফারিয়া হাসান জানান, তারা ভবনের অষ্টম তলায় বসবাস করেন। বিস্ফোরণের পর ধোঁয়ায় শ্বাসকষ্টে আক্রান্ত হলে দ্রুত হাসপাতালে নেওয়া হয়।
জাতীয় বার্ন ইনস্টিটিউটের ভারপ্রাপ্ত আবাসিক সার্জন ডা. সুলতান মাহমুদ শিকদার বলেন, চারজনেরই শ্বাসনালীতে ধোঁয়ার কারণে ইনহেলেশন ইনজুরি হয়েছে। তাদের অবজারভেশনে রাখা হয়েছে। আগামী ২৪ ঘণ্টা না গেলে তাদের শারীরিক অবস্থা সম্পর্কে কিছু বলা সম্ভব নয়।