প্রবা প্রতিবেদক
প্রকাশ : ১৯ আগস্ট ২০২৫ ১২:২৪ পিএম
ফাইল ফটো
ঢাকার কেরানীগঞ্জের কেন্দ্রীয় কারাগারে অসুস্থ হয়ে পড়া এক হাজতির মৃত্যু হয়েছে। মৃতের নাম শ্রী কিরণ পরিতোষ চন্দ্র (৫০)।
মঙ্গলবার (১৯ আগস্ট) সকাল ১০টার দিকে তিনি অসুস্থ হয়ে পড়েন। পরে কারারক্ষীরা দ্রুত তাকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে গেলে বেলা ১১টার দিকে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
কারারক্ষী তোফায়েল বলেন, সকালে হঠাৎ অসুস্থ হয়ে পড়লে কারা কর্তৃপক্ষের নির্দেশে আমরা তাকে ঢামেকে নিয়ে যাই। সেখানে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
তিনি আরও বলেন, মৃত কিরণ চন্দ্র কেন্দ্রীয় কারাগারের হাজতি ছিলেন, হাজতি নম্বর ২৪০৯৫/২৫। তার বাবার নাম শ্রী যোগেন্দ্র চন্দ্র সূত্রধর। তবে তিনি কোন মামলায় আটক ছিলেন, তা জানা যায়নি।
ঢামেক হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মো. ফারুক মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জানান, মরদেহ ময়নাতদন্তের জন্য হাসপাতালের মর্গে রাখা হয়েছে এবং এ বিষয়ে কারা কর্তৃপক্ষকে অবহিত করা হয়েছে। নির্বাহী ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে সুরতহাল প্রতিবেদন শেষে ময়নাতদন্ত সম্পন্ন করা হবে।