প্রবা প্রতিবেদক
প্রকাশ : ১৭ আগস্ট ২০২৫ ১১:৪৬ এএম
ছবি: সংগৃহীত
ঢাকার কেরানীগঞ্জে কেন্দ্রীয় কারাগারে এক হাজতি অসুস্থ হয়ে পড়লে দ্রুত তাকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে আনা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়েছে। মৃত ব্যক্তির নাম মোহাম্মদ সোহেল আহমেদ (৩৮)।
রবিবার (১৭ আগস্ট) সকাল ৭টার দিকে তিনি অসুস্থ হয়ে পড়েন। পরে অচেতন অবস্থায় তাকে উদ্ধার করে দ্রুত ঢামেকের জরুরি বিভাগে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক সকাল সাড়ে ৮টার দিকে তাকে মৃত ঘোষণা করেন।
কারারক্ষী সাইমন জানান, সকালে কেন্দ্রীয় কারাগারে সোহেল হঠাৎ অসুস্থ হয়ে পড়লে কারা কর্তৃপক্ষের নির্দেশে তাকে ঢামেকে আনা হয়। সেখানে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
তিনি আরও জানান, সোহেল কেন্দ্রীয় কারাগারের হাজতি ছিলেন। তার হাজতি নম্বর ৩২৮২৪/২৫। বাড়ি সিরাজগঞ্জ সদর উপজেলার বনবাড়িয়া গ্রামে। তিনি মো. করিম উদ্দীনের ছেলে। নিহত সোহেল আশুলিয়া থানার মামলা নম্বর ৩১(৮)২৫-এর আসামি ছিলেন। মামলায় তার বিরুদ্ধে দণ্ডবিধির ১৭০/৪০৬/৪১৯/৩৮৫/৩৮৬/৫০৬/৩৪ ধারায় অভিযোগ রয়েছে।
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মো. ফারুক বিষয়টি নিশ্চিত করে জানান, মরদেহ ময়নাতদন্তের জন্য ঢামেক হাসপাতালের মর্গে রাখা হয়েছে এবং এ বিষয়ে কারা কর্তৃপক্ষকে অবহিত করা হয়েছে।
তিনি আরও জানান, একজন নির্বাহী ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে সুরতহাল প্রতিবেদন শেষে ময়নাতদন্ত সম্পন্ন হবে। পরে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।