প্রবা প্রতিবেদক
প্রকাশ : ১৬ আগস্ট ২০২৫ ২০:০৩ পিএম
রাজধানীর বসুন্ধরা আবাসিক এলাকায় একটি নির্মাণাধীন বাড়ির সেপটিক ট্যাংক থেকে তিন শ্রমিকের লাশ উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় গুরুতর অবস্থায় একজনকে হাসপাতালে নেওয়া হয়েছে।
শনিবার (১৬ আগস্ট) দুপুরে বসুন্ধরার ই ব্লকের ১৪ নম্বর সড়কে নির্মাণাধীন ওই বাড়ি থেকে লাশ উদ্ধারের পর ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
নিহতরা হলেন ফরিদুল ইসলাম, রাব্বি এবং লিটন।
তাদের সবার বাড়ি লালমনিরহাট জেলার পাটগ্রাম থানায়। রাব্বির বাবার নাম তবারক হোসে, ফরিদুলের বাবার নাম রফিকুল ইসলাম এবং লিটনের বাবার নাম তৈয়বুর আলী।
নিহত রাব্বির খালাতো ভাই অলিভ জানান, চারজন শ্রমিক ওই বাড়ির সেপটিক ট্যাংকে নেমে বাঁশের খুঁটির সঙ্গে ইলেকট্রিক বাল্ব লাগিয়ে কাজ করছিলেন। এরপর এ ঘটনা ঘটে।
ভাটারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রাকিবুল হাসান বলেন, ৯৯৯-এ খবর পেয়ে তিজনকে মৃত ও একজনকে আহত অবস্থায় উদ্ধার করা হয়েছে। ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের প্রতিবেদন পেলে মৃত্যুর সঠিক কারণ জানা যাবে।