প্রবা প্রতিবেদক
প্রকাশ : ১৫ আগস্ট ২০২৫ ২১:২৩ পিএম
রাজধানী ঢাকার বনানীতে সিসা লাউঞ্জে রাহাত হোসেন রাব্বি নামে এক যুবককে ছুরিকাঘাতে হত্যার ঘটনায় প্রধান দুই আসামিকে কুমিল্লা থেকে গ্রেপ্তার করেছে র্যাব।
শুক্রবার (১৫ আগস্ট) এক বার্তায় এসব তথ্য নিশ্চিত করেছে র্যাব।
র্যাব জানায়, গ্রেপ্তার হওয়া আসামিরা হত্যাকাণ্ডের মূল পরিকল্পনাকারী ও সরাসরি অংশগ্রহণকারী। তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।
এই ঘটনায় চারজন সন্দেহভাজনকে হেফাজতে নিয়েছে বনানী থানা পুলিশ। বনানী থানার ওসি রাসেল সারোয়ার জানান, হামলাকারীরা রাব্বির পূর্বপরিচিত। রাব্বির সঙ্গে চারজন সিসা বার থেকে নামে এবং দু–তিনজন সিঁড়িতে ওত পেতে ছিল। এই ঘটনার পেছনে ব্যবসায়িক দ্বন্দ্বের কোনো বিষয় জড়িত কিনা তা খতিয়ে দেখা হচ্ছে এবং তদন্ত চলছে।
উল্লেখ্য, গত বৃহস্পতিবার ভোর ৫টার দিকে বনানীতে একটি সিসা বারের বাইরে দুর্বৃত্তদের ছুরিকাঘাতে নিহত হন মহাখালী এলাকার রবিউল আলম হাজারীর ছেলে রাব্বি (৩১)। তিনি মহাখালী হাজারীবাড়ি এলাকায় ইন্টারনেটের ব্যবসার করতেন।