× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

রাস্তা আটকে সমাবেশ

দাবি পূরণে এমপিওভুক্ত শিক্ষকদের এক মাসের আল্টিমেটাম

প্রবা প্রতিবেদক

প্রকাশ : ১৪ আগস্ট ২০২৫ ০০:০৯ এএম

দাবি পূরণে এমপিওভুক্ত শিক্ষকদের এক মাসের আল্টিমেটাম

এমপিওভুক্ত শিক্ষাপ্রতিষ্ঠান জাতীয়করণের জন্য এক মাসের সময় বেঁধে দিয়েছে ‘এমপিওভুক্ত শিক্ষা জাতীয়করণ প্রত্যাশী জোট’। এই সময়ের মধ্যে সরকার তাদের দাবি না মেনে নিলে প্রথমে কর্মবিরতি এবং পরে ঢাকার জাতীয় প্রেস ক্লাবের সামনে লাগাতার অবস্থান কর্মসূচি পালনের ঘোষণা দিয়েছেন জোটের নেতারা।

গতকাল বুধবার বিকালে শিক্ষা উপদেষ্টা সিআর আবরার ও শিক্ষা সচিবের সঙ্গে জোটের ১২ সদস্যের প্রতিনিধিদল সাক্ষাৎ শেষে প্রেস ক্লাবের সামনে আন্দোলনরত শিক্ষকদের মাঝে এ ঘোষণা দেন জোটের সদস্য সচিব অধ্যক্ষ দেলাওয়ার হোসেন আজিজী। এ সময় তিনি বলেন, এক মাসের মধ্যে আমাদের দাবি মানা না হলে আগামী ১৪ সেপ্টেম্বর অর্ধদিবস এবং ১৫ ও ১৬ সেপ্টেম্বর পূর্ণ দিবস কর্মবিরতি পালান করা হবে। তাতেও না হলে ১২ অক্টোবর থেকে প্রেস ক্লাবের সামনে লাগাতার অবস্থান কর্মসূচি পালন করা হবে।

সদস্য সচিব বলেন, মন্ত্রণালয় থেকে জানানো হয়েছে এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের জন্য বাড়িভাড়া ৫০% থেকে ৭৫% করে ডিউ লেটার অর্থ মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে। মন্ত্রণালয় আমাদের দাবির সঙ্গে একমত পোষণ করেছেন। তারা বলেছেন, সব দাবি একবারে পূরণ করা সম্ভব নয়। আমরা এই দাবিগুলো পূরণে কী পরিমাণ অর্থ লাগবে তা নিয়ে অর্থ মন্ত্রণালয়ের সঙ্গে আলোচনা করব। প্রস্তাব রেখেছি, আমাদের বাড়ি ভাড়া পার্সেন্টেজ হিসেবে বাড়াতে হবে।

এর আগে গতকাল সকাল থেকে এমপিওভুক্ত শিক্ষাপ্রতিষ্ঠান জাতীয়করণের দাবিতে রাজধানীর জাতীয় প্রেস ক্লাবের সামনে সড়ক অবরোধ করে বিশাল সমাবেশ করে শিক্ষক-কর্মচারীরা। সকাল ১০টা থেকে দিনভর চলা এই সমাবেশে সারা দেশের কয়েক হাজার শিক্ষক অংশ নেন। শিক্ষকদের এ সমাবেশের ফলে প্রেস ক্লাবসহ আশপাশের এলাকায় যান চলাচল বন্ধ হয়ে যায়। এতে ভোগান্তিতে পড়েন বিভিন্ন গন্তব্যে রওনা হওয়া মানুষ। এ সময় যানজটে আটকে পড়া অনেককে পায়ে হেঁটে গন্তব্যের উদ্দেশে রওনা হতে দেখা যায়।

দুপুর দিকে সরেজমিন দেখা গেছে, শিক্ষকদের মহাসমাবেশের মূল মঞ্চ প্রেস ক্লাবের সামনে হলেও এটির বিস্তৃতি ছিল হাইকোর্ট মোড়ের কদম ফোয়ারার কাছে থেকে পল্টন মোড় পর্যন্ত। যে কারণে এ অঞ্চলের আশপাশের প্রতিটি পয়েন্টে যানবাহন চলাচল বন্ধ হয়ে যায়। ফলে তীব্র যানজট সৃষ্টি হয় মৎস ভবন, শাহবাগ, পল্টন, কাকরাইল ও মগবাজার এলাকাসহ এর আশপাশের এলাকায়। পরে বেলা ৩টার দিকে পুলিশের সহায়তায় জোটের ১২ সদস্যের প্রতিনিধিদল সচিবালয়ে শিক্ষা উপদেষ্টা ও শিক্ষা সচিবের সঙ্গে সাক্ষাৎ করতে যায় এবং বাকি আন্দোলনরত কয়েক হাজার শিক্ষক দিনভর রাস্তায় অবস্থান করেন। এ বৈঠক শেষে ১২ সদস্যের শিক্ষদের প্রতিনিধিদলের মধ্য থেকে এমপিওভুক্ত শিক্ষা জাতীয়করণ প্রত্যাশী জোটের সদস্য সচিব সরকারকে এমপিওভুক্ত শিক্ষাপ্রতিষ্ঠান জাতীয়করণের জন্য এক মাসের আল্টিমেটাম দিয়ে আন্দোলন স্থগিতের ঘোষণার কথা জানান।

এদিকে এই সমাবেশে আসা শিক্ষকরা বলেন, ২০১৮ সালে এমপিওভুক্ত শিক্ষাপ্রতিষ্ঠান জাতীয়করণের দাবিতে দীর্ঘ আন্দোলনের পর তৎকালীন সরকার ৫ শতাংশ বার্ষিক প্রবৃদ্ধি ও ২০ শতাংশ বৈশাখী ভাতা প্রদানের প্রতিশ্রুতি দেয়, যা পরে কার্যকর হয়। তখন সরকার আশ্বাস দিয়েছিল, পরবর্তী মেয়াদে জাতীয়করণ করা হবে। কিন্তু তা বাস্তবায়িত হয়নি।

তারা জানান, চলতি বছরের ১২ ফেব্রুয়ারি থেকে লাগাতার অবস্থান কর্মসূচির মধ্যেই ২২তম দিনে সচিবালয়ে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে অন্তর্বর্তী সরকারের শিক্ষা উপদেষ্টা উৎসব ভাতা ২৫ শতাংশ বাড়ানো এবং আগামী বাজেটে বাড়িভাড়া, চিকিৎসা ভাতা ও শ্রান্তি বিনোদন ভাতা কার্যকরের ঘোষণা দেন। বাজেটে এই বরাদ্দ থাকলেও এখনও সরকারি প্রজ্ঞাপন জারি হয়নি। এজন্য আমরা ১০ আগস্টের মধ্যে প্রজ্ঞাপন জারির দাবি জানিয়েছিলাম। সে দাবি পূরণ না হওয়ায় আমরা এই সমাবেশে এসেছি।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা