প্রবা প্রতিবেদক
প্রকাশ : ১১ আগস্ট ২০২৫ ২১:০৫ পিএম
শ্রম ও কর্মসংস্থান এবং নৌপরিবহণ মন্ত্রণালয়ের উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অব.) ড. এম সাখাওয়াত হোসেনের কাছে যমুনা অয়েল কোম্পানি লিমিটেড, ইউনিলিভার বাংলাদেশ লিমিটেড ও ইউনিলিভার কনজিউমার কেয়ার লিমিটেড তাদের বার্ষিক লভ্যাংশের একটি অংশের ১১ কোটি ২৪ লাখ টাকার চেক বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফাউন্ডেশনের অনুকূলে হস্তান্তর করেছে।
বাংলাদেশ শ্রম আইন ২০০৬ (সংশোধিত ২০১৮) অনুযায়ী শিল্প প্রতিষ্ঠানগুলো তাদের বার্ষিক লভ্যাংশের ০.৫ শতাংশ হারে এই অর্থ প্রদান করে।
সোমবার (১১ আগস্ট) উপদেষ্টার কার্যালয়ে আয়োজিত অনুষ্ঠানে যমুনা অয়েল কোম্পানি ৮ কোটি ১৭ লাখ ৭৭ হাজার ১০০ টাকা, ইউনিলিভার বাংলাদেশ ৪৪ লাখ ৯৮ হাজার ২০০ টাকা এবং ইউনিলিভার কনজিউমার কেয়ার ২ কোটি ৬১ লাখ ৫০ হাজার ২৬ টাকার চেক জমা দেয়। মোট চেকের পরিমাণ দাঁড়ায় ১১ কোটি ২৪ লাখ ২৫ হাজার ৩২৬ টাকা।
উপদেষ্টা কোম্পানিগুলোর এই উদ্যোগকে স্বাগত জানিয়ে বলেন, এই অর্থ দেশের প্রাতিষ্ঠানিক ও অপ্রাতিষ্ঠানিক খাতের শ্রমিকদের কল্যাণে ব্যয় করা হবে। বিশেষ করে দুস্থ ও মৃত শ্রমিকদের পরিবার, শিক্ষার্থীদের বৃত্তি এবং জরুরি চিকিৎসা সহায়তায় এই অর্থ ব্যবহৃত হবে। অনুষ্ঠানে শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের সচিবসহ সংশ্লিষ্ট কোম্পানিগুলোর উচ্চপদস্থ প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।