প্রবা প্রতিবেদক
প্রকাশ : ১০ আগস্ট ২০২৫ ১২:২৩ পিএম
রাজউক ভবন
রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষের (রাজউক) ২০০৯ সাল থেকে ২০২৪ সাল পর্যন্ত ১৫ বছরের আয়-ব্যয়, প্লট ও ফ্ল্যাট হস্তান্তর এবং বরাদ্দ সংক্রান্ত সব ধরনের আর্থিক কার্যক্রমের পূর্ণাঙ্গ নিরীক্ষার নির্দেশ দিয়েছে গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়। এই নিরীক্ষা সম্পাদন করবে মন্ত্রণালয়ের অভ্যন্তরীণ নিরীক্ষা পরিদপ্তর।
রবিবার (১০ আগস্ট) মন্ত্রণালয় থেকে জারি করা এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, Allocation of Functions-এর অনুচ্ছেদ ২ (a), (b), (c) ও (d), অভ্যন্তরীণ নিরীক্ষা পরিদপ্তরের কর্মকর্তাদের Charter of Duties এবং গত ২৩ এপ্রিল বাজেট ব্যবস্থাপনা কমিটির (বিএমসি) বৈঠকের ৪(খ) সিদ্ধান্তের আলোকে এই পদক্ষেপ নেওয়া হয়েছে।
নির্দেশনায় নিরীক্ষার জন্য ছয়টি মূল নির্দেশনা দেওয়া হয়েছে: নিরীক্ষা শুরুর আগে পরিকল্পনা প্রণয়ন এবং সে অনুযায়ী কার্যক্রম পরিচালনা; রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ আইন ও সংশ্লিষ্ট বিধি-বিধানের সঙ্গে সামঞ্জস্য রেখে কাজ; নিরীক্ষা টিমের সদস্যদের নাম, পদবী ও মোবাইল নম্বর মন্ত্রণালয়ে পাঠানো; নিরীক্ষা চলাকালে রাজউককে নিয়মিত অবহিত রাখা; তিন মাসের মধ্যে নিরীক্ষা শেষ করা; নিরীক্ষা শেষে বিস্তারিত প্রতিবেদন মন্ত্রণালয়ের সচিব বরাবর জমা দেওয়া।
মন্ত্রণালয় জানিয়েছে, জনস্বার্থে নেওয়া এ সিদ্ধান্তের লক্ষ্য হলো গত এক যুগেরও বেশি সময় ধরে রাজউকের আর্থিক কার্যক্রমের স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিত করা।