প্রবা প্রতিবেদক
প্রকাশ : ০৯ আগস্ট ২০২৫ ১৬:৪৪ পিএম
মানবাধিকার সংস্কৃতি ফাউন্ডেশন (এমএসএফ)
গাজীপুর মহানগরীর চান্দনা চৌরাস্তা এলাকায় প্রকাশ্যে ধাওয়া করে সাংবাদিক মো. আসাদুজ্জামান তুহিনকে কুপিয়ে হত্যার ঘটনায় তীব্র নিন্দা, ক্ষোভ ও গভীর উদ্বেগ জানিয়েছে মানবাধিকার সংস্কৃতি ফাউন্ডেশন (এমএসএফ)। সংস্থাটি বলেছে, এ ধরনের নৃশংস ঘটনা শুধু একজন সাংবাদিকের জীবনই কেড়ে নেয়নি, বরং সৎ ও বস্তুনিষ্ঠ সাংবাদিকতার কণ্ঠরোধ করে সংবাদমাধ্যমের স্বাধীনতার ওপর সরাসরি আঘাত হেনেছে।
শনিবার (৯ আগস্ট) গণমাধ্যমে পাঠানো এমএসএফের প্রতিষ্ঠাতা সভাপতি ও মানাবধিকারকর্মী অ্যাডভোকেট সুলতানা কামাল স্বাক্ষরিত এক বিবৃতিতে এ দাবি জানানো হয়।
বিবৃতিতে বলা হয়েছে, গত বৃহস্পতিবার রাত সাড়ে আটটার দিকে পাঁচ-ছয়জন সশস্ত্র দুর্বৃত্ত তুহিনকে ধাওয়া করে ঈদগাঁ মার্কেটের একটি চায়ের দোকানে ঢুকে এলোপাতাড়ি কোপায়। গুরুতর জখমে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। জানা যায়, স্থানীয় এক যুবককে মারধর ও ধাওয়ার দৃশ্য ভিডিও করায় তাকে হত্যা করা হয়। নিহত তুহিন দৈনিক প্রতিদিনের কাগজ-এর গাজীপুর প্রতিনিধি ছিলেন।
এমএসএফ মনে করে, একজন সাংবাদিককে পেশাগত দায়িত্ব পালনের সময় এভাবে হত্যা করা মতপ্রকাশের স্বাধীনতা ও গণতন্ত্র প্রতিষ্ঠার ক্ষেত্রে অশনিসংকেত। বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার বস্তুনিষ্ঠ সাংবাদিকতা ও গণমাধ্যমের স্বাধীনতার প্রতি অঙ্গীকার ব্যক্ত করলেও, এই হত্যাকাণ্ড সেই প্রতিশ্রুতির সঙ্গে সাংঘর্ষিক এবং উদ্বেগজনক।
সংস্থাটি জড়িতদের দ্রুত গ্রেপ্তার, স্বচ্ছ ও নিরপেক্ষ তদন্ত, এবং ন্যায়বিচার নিশ্চিতের জোর দাবি জানিয়েছে। পাশাপাশি অভিযুক্তরা এলাকায় চিহ্নিত সন্ত্রাসী হওয়ায় ঘটনাস্থলের সাক্ষী ও ভুক্তভোগী পরিবারের নিরাপত্তা নিশ্চিত করতে কর্তৃপক্ষের প্রতি বিশেষ আহ্বান জানিয়েছে এমএসএফ।