প্রবা প্রতিবেদক
প্রকাশ : ০৫ আগস্ট ২০২৫ ১৩:২৩ পিএম
আপডেট : ০৫ আগস্ট ২০২৫ ১৫:৩৮ পিএম
রাজধানীর মানিক মিয়া অ্যাভিনিউয়ের জাতীয় সংসদ ভবনের সামনের রাস্তার উপরে নির্মিত সুসজ্জিত মঞ্চ। হঠাৎ নেমে এলো শ্রাবণের অঝোর বৃষ্টি। একপশলা এই শ্রাবণের বৃষ্টি রিমঝিম ছন্দ আর তালে তাল রেখে সাইমুম শিল্পীগোষ্ঠীর পরিবেশনার মধ্যদিয়ে শুরু হয়েছে ‘৩৬ জুলাই উদযাপন’ আয়োজন।
জুলাই গণঅভ্যুত্থানের বর্ষপূর্তি উপলক্ষে মঙ্গলবার (৫ আগস্ট) বেলা সাড়ে ১১টার দিকে শুরু হয় জাতীয়ভাবে আয়োজিত এ আয়োজন।
সংস্কৃতি মন্ত্রণালয়ের আয়োজনে বাংলাদেশ জাতীয় সংসদ সচিবালয়ের সহযোগিতায় অনুষ্ঠানের ব্যবস্থাপনার দায়িত্বে রয়েছে শিল্পকলা একাডেমি।

অনুষ্ঠানের শুরুতে সাইমুম শিল্পীগোষ্ঠী পরিবেশন করে দেশাত্মবোধক ও জুলাই গণ-অভ্যুত্থানের বেশকিছু গান। তাদের পরিবেশনা শেষে মঞ্চ আসে কলরব শিল্পীগোষ্ঠী। তারা পরিবেশন করে ‘দে দে পাল তুলে দে, মাঝি হেলা করিস না/ ছেড়ে দে নৌকা আমি যাবো মদিনা’ শীর্ষক লোকগানসহ বেশকিছু ইসলামি প্রতিবাদি ও জুলাই গণ-অভ্যুত্থানের গান। তাদের পরিবেশনা শেষে এখন মঞ্চ উঠেছে শিল্পী নাহিদ ইসলাম। পরে তিনি গেয়ে শোনায় পরে নাহিদ ইসলাম ইসলাম গেয়ে শোনায় ‘পলাশীর প্রান্তরে..’ ও ‘আজ ৩৬ জুলাই’ শীর্ষক দুটি গান। এরপরে শিল্পী তাশফি পরিবেশন করেন ‘নোঙর তোল তোল’, ‘তুমি আমার বাংলাদেশ’, ‘কারার ঐ লৌহকপাট’ ও ‘এমন দেশটি কোথাও খুঁজে পাবে নাকো তুমি’ শীর্ষক গান।
আর তাশফির গান শেষে ঠিক ২ টা ২৫ মিনিটে গ্যাসবেলুনের খেলনা হেলিকপ্টার উড়িয়ে পালন করা হয় শেখ হাসিনার হেলিকপ্টারে করে পালিয়ে যাবার মুহূর্ত। এই সময়ে উপস্থাপক দ্বয় মঞ্চে স্লোগান ধরেন- ‘পালায়ছেরে পালায়ছে, শেখ হাসিনা পালায়ছে’, ‘শোন মহাজন, আমরা অনেকজন’, ‘কথায় কথায় বাংলা ছাড়, বাংলা কি তোর বাপ-দাদার’, ‘পদ্মা মেঘনা যমুনা, তোমার আমার ঠিকানা’ সহ নানা স্লোগান।
এই আয়োজনের পরেই মঞ্চে আসে ‘চিটাগাং হিপহপ হুড’গানের দল। তারা পরিবেশন করে ‘ছি ছি হাসিনা লজ্জায় বাঁচি না’সহ হিপহপ গান।

আর এ কনসার্ট শেষে বিকেল পৌনে ৫টায় শুরু হবে আসরের নামাজের বিরতি। এরপর ঐতিহাসিক ‘জুলাই ঘোষণাপত্র’ পাঠ করবেন প্রধান উপদেষ্টা। এরপর বিকেল ৫টা ৩০ মিনিটে বেসিক গিটার লারনিং স্কুলের পরিবেশনা রয়েছে। ৫টা ৫০ মিনিটে এফ মাইনর ও ৬টা ১৫ মিনিটে পারশা মঞ্চ মাতাবে। সন্ধ্যা ৬টা ৫০ মিনিটে মাগরিবের আজান ও নামাজের বিরতি দেওয়া হবে।
এরপর সন্ধ্যা ৭টায় এলিটা করিম সংগীত পরিবেশন করবেন। সন্ধ্যা সাড়ে ৭টা থেকে রাত ৮টা পর্যন্ত স্পেশাল ড্রোন ড্রামা ‘ডু ইউ মিস মি’ পরিবেশিত হবে। এরপর ড্রোন শো অনুষ্ঠিত হবে। তারপর সংগীত পরিবেশন করবে জনপ্রিয় ব্যান্ড আর্টসেল। এছাড়া আরও থাকবে নানা আয়োজন।