জুলাই সনদের দাবি
প্রবা প্রতিবেদক
প্রকাশ : ০১ আগস্ট ২০২৫ ১৮:০৯ পিএম
জুলাই সনদ বাস্তবায়নসহ একাধিক দাবিতে রাজধানীর শাহবাগ মোড় অবরোধ করে টানা দ্বিতীয় দিনের মতো অবস্থান কর্মসূচি পালন করছেন জুলাই যোদ্ধারা। ফলে ছুটির দিন শুক্রবারও (১ আগস্ট) শাহবাগসহ আশপাশের গুরুত্বপূর্ণ সড়কগুলোতে যানচলাচল ব্যাহত হয়েছে। ভোগান্তিতে পড়েছেন এই সড়কে চলাচলকারী মানুষজন।
‘জুলাই যোদ্ধা সংসদ’ নামে একটি প্ল্যাটফর্মের উদ্যোগে এ কর্মসূচি নেওয়া হয়।
গতকাল বৃহস্পতিবার সকাল সাড়ে ১০টা থেকে শুরু হওয়া এই কর্মসূচি আজ বিকেল পর্যন্ত চলমান রয়েছে।
সরেজমিনে গিয়ে দেখা যায়, সড়কের চারপাশে ব্যারিকেড দিয়ে রাখা হয়েছে। থমকে আছে যানবাহন, শাহবাগ মোড় হয়ে কোনো যানবাহন চলাচল করতে পারছে না। বৃষ্টির মধ্যেও বিক্ষোভকারীরা রাস্তায় অবস্থান নিয়ে স্লোগান দিচ্ছেন। আশপাশের সব সড়কে যানজটের সৃষ্টি হয়েছে।
এদিকে সরকার দাবি পূরণ না করা পর্যন্ত তারা শাহবাগ ত্যাগ করবেন না বলে জানিয়েছেন ‘জুলাই যোদ্ধা সংসদ’-এর মুখ্য সংগঠক মাসুদ রানা।
অবরোধকারীদের প্রধান দাবিগুলোর মধ্যে রয়েছে- জুলাই শহীদ ও জুলাই যোদ্ধাদের স্বীকৃতি; শহীদ পরিবার ও আহত ব্যক্তিদের আজীবন সম্মান, চিকিৎসা, শিক্ষা ও কল্যাণের পূর্ণ নিশ্চয়তা দেওয়া; শহীদ পরিবার ও আহত ব্যক্তিদের দায়িত্ব গ্রহণ করা; আহত ব্যক্তিদের সব চিকিৎসা, পুনর্বাসন, কর্মসংস্থান ও কল্যাণমূলক ব্যয় রাষ্ট্রকে বহন করা; আহত ও শহীদ পরিবারের জন্য আজীবন সম্মানজনক ভাতা নিশ্চিত করা; শহীদ পরিবার ও আহত ব্যক্তিদের জন্য বিশেষ আইনি সুরক্ষা ও সহায়তাকেন্দ্র গঠন করা; শহীদ ও আহত ব্যক্তিদের ওপর সংঘটিত দমন-পীড়নের জন্য দায়ী ব্যক্তিদের বিরুদ্ধে আন্তর্জাতিক মানদণ্ডে বিচারকাজ সম্পন্ন করা এবং একটি স্বাধীন সত্য ও ন্যায় কমিশন গঠন করা।