প্রবা প্রতিবেদক
প্রকাশ : ৩১ জুলাই ২০২৫ ২১:৩৫ পিএম
রাজধানীর মোহাম্মদপুরের জাফরাবাদ এলাকায় একই পরিবারের সাত সদস্যকে কুপিয়ে হত্যাচেষ্টার ঘটনায় পাটালি গ্রুপের চার সদস্যকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। গ্রেপ্তাররা হলেন- মো. ফরহাদ, হাসান ওরফে পাটালি হাসান, আলমগীর ওরফে ফর্মা আলমগীর ও মো. রফিক। বৃহস্পতিবার (৩১ জুলাই) ভোরে তাদের গ্রেপ্তার করা হয়।
ডিবি তেজগাঁও বিভাগের বরাতে ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) মুহাম্মদ তালেবুর রহমান জানান, গত ১৪ মে রাত দেড়টার দিকে বাদী আনোয়ার হোসেনের বসতবাড়ির সামনে পাটালি হাসানের নেতৃত্বে কিশোর গ্যাংয়ের সদস্যরা দেশীয় অস্ত্র ও চাপাতি নিয়ে অতর্কিত হামলা চালায়। এতে বাদীসহ তার পরিবারের সাত সদস্য গুরুতর জখম হন। ঘটনাটি সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক আলোড়ন তোলে। পরে মোহাম্মদপুর থানায় এ ঘটনায় হত্যাচেষ্টার মামলা হয়।
তিনি আরও জানান, ডিবি তেজগাঁও বিভাগ ঘটনার পরিপ্রেক্ষিতে তথ্য প্রযুক্তির সহায়তায় বৃহস্পতিবার ভোর ৪ টায় জিগাতলা এলাকায় অভিযান পরিচালনা করে প্রথমে ফরহাদকে গ্রেপ্তার করে। পরবর্তীতে তার দেওয়া তথ্যের ভিত্তিতে সকাল ৬টায় কেরানীগঞ্জের ঘাটারচর এলাকায় অভিযান চালিয়ে হাসান, আলমগীর ও রফিককে গ্রেপ্তার করা হয়। এ সময় তাদের কাছ থেকে হামলায় ব্যবহৃত চারটি চাপাতি উদ্ধার করা হয়।