প্রবা প্রতিবেদক
প্রকাশ : ৩০ জুলাই ২০২৫ ১৭:৫২ পিএম
আপডেট : ৩০ জুলাই ২০২৫ ২০:৩৯ পিএম
বুধবার আলোচনা সভায় বিআরটিএর চেয়ারম্যান আবু মমতাজ সাদ উদ্দিন আহমেদের কাছে নীতিমালাটি হস্তান্তর করেন নারী উন্নয়ন শক্তির নির্বাহী পরিচালক ড. আফরোজা পারভীন। প্রবা ফটো
‘বাস, ট্রাক ও গণপরিবহনে যাত্রী ও মালামাল নিরাপত্তা বিষয়ক সুরক্ষা নীতিমালা ২০২৫’-এর খসড়া নিয়ে এক গুরুত্বপূর্ণ আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (৩০ জুলাই) সকাল ১০টায় রাজধানীর বনানীতে বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষের (বিআরটিএ) বড় কনফারেন্স রুমে এ সভা হয়।
বিআরটিএর উদ্যোগে আয়োজিত এ সভায় বিভিন্ন সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠানের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
আলোচনা সভায় সভাপতিত্ব করেন বিআরটিএর চেয়ারম্যান আবু মমতাজ সাদ উদ্দিন আহমেদ। প্রস্তাবিত নীতিমালার মূল প্রেজেন্টেশন উপস্থাপন করেন নারী উন্নয়ন শক্তির নির্বাহী পরিচালক ড. আফরোজা পারভীন।
আবু মমতাজ সাদ উদ্দিন আহমেদ বলেন, ‘নীতিমালার কার্যকর দিকগুলো অবশ্যই বিবেচনায় আনা হবে এবং তা সরকারি উদ্যোগে বাস্তবায়নের পথে অগ্রসর হবে। আমাদের প্রধান লক্ষ্য হচ্ছে—সকল যাত্রীর নিরাপত্তা নিশ্চিত করা, বিশেষ করে নারী যাত্রীদের জন্য একটি সম্মানজনক ও নিরাপদ পরিবেশ সৃষ্টি করা। আসুন আমরা এই লক্ষ্যে সকলে মিলে কাজ করি।’
ড. আফরোজা পারভীন বলেন, ‘প্রতিদিন সকালে কর্মস্থলে যাওয়ার পথে যদি একজন নারী যৌন হয়রানির শিকার হন, তাহলে সেই মানসিক আঘাত তার কাজের দক্ষতায় প্রভাব ফেলে। আবার বিকেলে বাসায় ফেরার পথে একই অভিজ্ঞতা হলে তা পারিবারিক সম্পর্কেও নেতিবাচক প্রভাব ফেলে। ফলে নারী কর্মজীবী শুধু নয়, তার পরিবার ও প্রতিষ্ঠানও ক্ষতিগ্রস্ত হয়।’
প্রস্তাবিত নীতিমালার মূল উদ্দেশ্য ছিল: গণপরিবহনে নারী, শিশু, প্রতিবন্ধী ও সাধারণ যাত্রীদের নিরাপত্তা নিশ্চিতকরণ চালক ও হেলপারদের শৃঙ্খলা, ইউনিফর্ম, প্রশিক্ষণ ও দায়িত্ববোধ বৃদ্ধি ছিনতাই, অজ্ঞান পার্টি, ডাকাতি ও যৌন হয়রানির মত অপরাধ প্রতিরোধ মালবাহী পরিবহনে মালামাল নিরাপত্তা নিশ্চিতকরণ পরিবহন খাতে স্বচ্ছতা, জবাবদিহিতা ও আইনের কার্যকারিতা বৃদ্ধি সভায় বক্তব্য রাখেন বাংলাদেশ সড়ক পরিবহন মালিক সমিতির সহ-সভাপতি অধ্যাপক ইকবাল হোসেন রাজু, নারী উন্নয়ন শক্তির জেন্ডার উপদেষ্টা ড. মো. জাহেদুল হাসান, কমিউনিকেশন উপদেষ্টা ড. সুলতান মোহাম্মদ রাজ্জাক এবং অন্যান্য বিশিষ্টজনেরা।
সভায় বিআরটিএর উচ্চপদস্থ কর্মকর্তারা বাস-ট্রাক মালিক সমিতি, পরিবহন শ্রমিক ফেডারেশনসহ বিভিন্ন অংশীজনেরা অংশগ্রহণ করেন এবং গঠনমূলক মতামত প্রদান করেন।