× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

সচিবালয়ে ভাঙচুর ও সংঘর্ষ: ১২০০ জনের বিরুদ্ধে পুলিশের মামলা

প্রবা প্রতিবেদক

প্রকাশ : ২৩ জুলাই ২০২৫ ২২:৩১ পিএম

সচিবালয়ে ভাঙচুর ও সংঘর্ষ: ১২০০ জনের বিরুদ্ধে পুলিশের মামলা

শিক্ষা উপদেষ্টা ও শিক্ষা সচিবের পদত্যাগসহ একাধিক দাবিতে সচিবালয় এলাকায় শিক্ষার্থীদের বিক্ষোভ ও ভাঙচুরের ঘটনায় মামলা হয়েছে। ঢাকার শাহবাগ থানায় পুলিশ বাদী হয়ে মামলা করেছে।

বুধবার (২৩ জুলাই) বিষয়টি নিশ্চিত করে শাহবাগ থানার ওসি খালিদ মনসুর বলেন, ‘হামলা ও ভাঙচুরের ঘটনায় পুলিশ বাদী হয়ে একটি মামলা করেছে। ওই মামলায় ১ হাজার ২০০ জনকে অজ্ঞাত আসামি করা হয়েছে। তবে এখন পর্যন্ত কাউকে গ্রেপ্তার করা সম্ভব হয়নি।’

মামলার বিবরণে বলা হয়, মঙ্গলবার ঢাকার বিভিন্ন কলেজের শিক্ষার্থীদের উদ্যোগে অজ্ঞাতনামা ১ হাজার থেকে ১ হাজার ২০০ শিক্ষার্থী ও ‘স্বার্থান্বেষী দুষ্কৃতিকারীরা’ মাইলস্টোন শিক্ষা প্রতিষ্ঠানে মর্মান্তিক দুর্ঘটনাকে কেন্দ্র করে এইচএসসি পরীক্ষা দেরিতে স্থগিতসহ বিভিন্ন দাবি নিয়ে ‘মার্চ টু শিক্ষা মন্ত্রণালয়’ কর্মসূচি পালন করে। প্রথমে শিক্ষার্থীরা শিক্ষাবোর্ড ও শিক্ষাভবনের উদ্দেশে মার্চ করলেও পরে শিক্ষাভবন থেকে বের হয়ে শিক্ষা মন্ত্রণালয়ের উদ্দেশে সচিবালয়ের সামনে অবস্থান নেন।

অভিযোগে বলা হয়, আন্দোলন চলাকালে নিরাপত্তার স্বার্থে সচিবালয়ের সকল গেট বন্ধ করে দেওয়া হয়। তাদের সচিবালয়ে প্রবেশ না করার জন্য বিভিন্নভাবে অনুরোধ করা হয়। পরে তারা বেআইনি জনতাবদ্ধ হয়ে পুলিশের বেরিকেড ভেঙে সচিবালয়ের মেইন গেইটের সামনে এসে দাঙ্গা সৃষ্টি করে। গেইট ভেঙ্গে ভেতরে প্রবেশ করে। তখন তাদের বাধা দিলে কর্তব্যরত পুলিশ, সেনাবাহিনী ও আনসার বাহিনীসহ আইনশৃঙ্খলা বাহিনীকে হত্যার উদ্দেশ্যে লাঠিসোঁটা, ইটপাটকেল নিক্ষেপ করে। এতে অনেকে গুরুতর আহত হন। এ ছাড়া সরকারি গাড়ি ভাঙচুর করে ক্ষতি সাধন, বিভিন্ন ধরনের ভয়ভীতি ও হুমকি প্রদান করে।

শিক্ষা উপদেষ্টা সি আর আবরারের পদত্যাগের দাবিতে মঙ্গলবার শিক্ষার্থীরা সচিবালয়ের ফটক ভেঙে ভেতরে ঢুকে পড়ার পর আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের সঙ্গে সংঘাতে পুরো এলাকা রণক্ষেত্রে পরিণত হয়।

পুলিশ লাঠিপেটা করে, টিয়ারশেল ও সাউন্ড গ্রেনেড ছুড়ে বিক্ষোভকারীদের সচিবালয়ের ভেতর থেকে বের করতে পারলেও আশপাশের এলাকায় কয়েক ঘণ্টা ধরে ধাওয়া পাল্টা ধাওয়া এবং সংঘর্ষ চলে। 

এ ঘটনায় আহত হয়ে অন্তত ৭০ জন ঢাকা মেডিকেলে চিকিৎসা নিয়েছেন।

জানা যায়, উত্তরায় মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বিমান বিধ্বস্তে হতাহতের সঠিক তথ্য প্রকাশ এবং মঙ্গলবারের এইচএসসি পরীক্ষা দেরিতে স্থগিত ঘোষণা করার প্রতিবাদে শিক্ষা উপদেষ্টা ও শিক্ষা সচিবের পদত্যাগ দাবিতে শিক্ষার্থীরা সচিবালয় এলাকায় আন্দোলন শুরু করেন। তাদের সঙ্গে এসএসসি পরীক্ষায় অকৃতকার্যরা খাতা পুনর্মূল্যায়নের দাবি নিয়ে যুক্ত হয়। একপর্যায়ে ফটক ভেঙে সচিবালয়ে ঢুকে পড়েন শিক্ষার্থীরা।

তাদের সেখান থেকে বের করতে প্রথমে লাঠিপেটা করে পুলিশ। পরে সাউন্ড গ্রেনেড ও কাঁদানে গ্যাসের শেল ছোড়ে। শিক্ষার্থীরাও পাল্টা জবাব দিলে সচিবালয়ের সামনে থেকে গুলিস্তান পর্যন্ত সংঘাত ছড়িয়ে পড়ে। চার ঘণ্টার বেশি চলে সংঘর্ষ, ধাওয়া-পাল্টা ধাওয়া।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা