প্রবা প্রতিবেদক
প্রকাশ : ২১ জুলাই ২০২৫ ১৫:১৬ পিএম
রাজধানীর মালিবাগ এলাকা থেকে নাইমুর রহমান সিফাত (২৯) নামে এক যুবক নিখোঁজ হয়েছেন।
শনিবার (১৯ জুলাই) সন্ধ্যায় ল্যাপটপ সার্ভিসিংয়ের জন্য বাসা থেকে বেরিয়ে আর ফিরে আসেননি তিনি।
জানা গেছে, সিফাত রাজধানীর মাল্টিপ্লান মার্কেটের একটি ল্যাপটপ সার্ভিসিং দোকানে গিয়েছিলেন। দোকান থেকে কাজ শেষে বাসায় ফেরার কথা থাকলেও তিনি আর ফেরেননি। সন্ধ্যার কিছু পর স্ত্রীর মোবাইলে কল দিয়ে বলেন, ‘আমি এখন মালিবাগে আছি।’ সেটিই ছিল সিফাতের সঙ্গে তার পরিবারের শেষ যোগাযোগ। এরপর থেকে তার মোবাইল ফোন বন্ধ এবং তিনি সম্পূর্ণরূপে নিখোঁজ রয়েছেন।
পারিবারিক সূত্রে জানা গেছে, নাইমুর রহমান সিফাতের বাড়ি নোয়াখালীর চাটখিল উপজেলার খিলপাড়া ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডে, বাদুলী মোল্লা পওন খাস বাড়িতে। বর্তমানে তিনি তার স্ত্রীসহ ঢাকার খিলগাঁওয়ের তিলপাপাড়ায় বসবাস করছিলেন।
স্ত্রী তানজিলা জানান, নিখোঁজের পরপরই তারা স্থানীয় থানায় সাধারণ ডায়েরি করেছেন এবং পরিচিত জায়গাগুলোতে খোঁজখবর নিয়েছেন। তবে এখনও পর্যন্ত তার কোনো সন্ধান পাওয়া যায়নি।
তিনি বলেন, ‘সিফাত খুবই শান্ত ও দায়িত্ববান মানুষ। হঠাৎ করে এভাবে নিখোঁজ হয়ে যাওয়া আমাদের জন্য ভয়ংকর আতঙ্কের। আমরা দিনরাত দুশ্চিন্তায় রয়েছি।’