জবি সংবাদদাতা
প্রকাশ : ১০ ডিসেম্বর ২০২২ ১৫:৪৬ পিএম
আপডেট : ১০ ডিসেম্বর ২০২২ ১৬:০৪ পিএম
বিএনপির সমাবেশ কেন্দ্র করে শনিবার রাজধানীর সায়েদাবাদে লাঠিমিছিল করেন ছাত্রলীগের নেতাকর্মীরা। ছবি : প্রবা
রাজধানীর সায়েদাবাদে বিএনপি নেতাকর্মীদের সামনে লাঠিমিছিল করেছেন যাত্রাবাড়ী থানা ছাত্রলীগের নেতাকর্মীরা। এ সময় তাদের হাতে হকিস্টিক ও লাঠি দেখা যায়।
শনিবার (১০ ডিসেম্বর) দুপুরে সায়েদাবাদ বাস টার্মিনাল এলাকায় লাঠিমিছিল করেন ছাত্রলীগ নেতাকর্মীরা। পুরো টার্মিনাল এলাকা প্রদক্ষিণ করে মিছিলটি।
এ সময় তারা ‘অ্যাকশন, অ্যাকশন, ডাইরেক্ট অ্যাকশন’ স্লোগান দিয়ে বিএনপি নেতাকর্মীদের সামনে মহড়া দেন। সংঘাত এড়াতে বিএনপি নেতাকর্মীরা প্রধান সড়ক থেকে সরে গিয়ে শাখা সড়কে অবস্থান নেন।
যাত্রাবাড়ী থানা ছাত্রলীগ নেতা মিনহাজুল ইসলাম বলেন, ‘বিএনপি কোনো ধরনের নাশকতার চেষ্টা করলে তার উচিত জবাব দেওয়া হবে। ছাত্রলীগ জনগণের জানমালের নিরাপত্তা দিতে প্রস্তুত রয়েছে। কোনো ধরনের অরাজকতা সহ্য করা হবে না।’