প্রবা প্রতিবেদক
প্রকাশ : ০৯ জুলাই ২০২৫ ২১:৫৮ পিএম
ভাঙারি ব্যবসার নিয়ন্ত্রণ নিয়ে রাজধানীর মিটফোর্ড হাসপাতাল গেটের সামনে প্রকাশ্যে সোহাগ নামে এক ব্যবসায়ীকে মাথায় পাথর দিয়ে আঘাত করে ও পিটিয়ে হত্যার খবর পাওয়া গেছে।
বুধবার (৯ জুলাই) সন্ধ্যা ৬টার দিকে এ ঘটনা ঘটে। পুলিশ খবর পেয়ে রক্তাক্ত অবস্থায় উদ্ধার করে মিটফোর্ড হাসপাতালে নিলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
এ ঘটনায় জনি এবং মঈন নামে দুজনকে আটক করেছে কোতয়ালি থানা পুলিশ।
জানা গেছে, অ্যালুমিনিয়াম তারের ব্যবসার ভাগবাটোয়ারাকে কেন্দ্র করে এ হত্যার ঘটনা ঘটেছে। নিহত সোহাগ বিগত সরকারের আমলেও অ্যালুমিনিয়ামের চোরাই তারের বেচা-কেনার সঙ্গে জড়িত ছিলেন। গত বছর সরকার পতনের পর ওই ব্যবসা অন্য আরেকটি গ্রুপ নিয়ন্ত্রণে নিতে মরিয়া উঠে। এ ব্যবসা নিয়ন্ত্রণ নিয়ে এ হত্যার ঘটনা ঘটেছে।
কোতয়ালী থানার ডিউটি অফিসার জানান, রাস্তায় রক্তাক্ত এক ব্যক্তির পড়ে থাকার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে যায়। পরে সোহাগ নামের ওই ব্যক্তিকে উদ্ধার করে হাসপাতালে নেওয়া চিকিৎসক মৃত ঘোষণা করেন।
কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনিরুজ্জামান বলেন, ওই ব্যক্তির মাথায় পাথর দিয়ে আঘাত করে ও পিটিয়ে হত্যা করা হয়েছে। প্রাথমিকভাবে জানা গেছে, ভাঙারি ব্যবসাকে কেন্দ্র করে এ হত্যার ঘটনা ঘটেছে। দুজনকে আটক করা হয়েছে। বিস্তারিত জানার চেষ্টা চলছে।