প্রবা প্রতিবেদন
প্রকাশ : ০৯ ডিসেম্বর ২০২২ ২৩:৪০ পিএম
আপডেট : ১০ ডিসেম্বর ২০২২ ১৪:১৩ পিএম
পুরস্কার বিজয়ীদের সঙ্গে অনুষ্ঠানের অতিথিরা। ছবি : প্রবা
ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশের (টিআইবি) নির্বাহী পরিচালক ড. ইফতেখারুজ্জামান বলেছেন, দুর্নীতি প্রতিরোধে গোটা সমাজকে রুখে দাঁড়ানোর পাশাপাশি রাজনৈতিক সদিচ্ছা এবং দুর্নীতিবাজদের শাস্তির আওতায় আনা জরুরি। একই সঙ্গে দুর্নীতি প্রতিরোধে সফল হতে দুর্নীতি প্রতিরোধকারী সব প্রতিষ্ঠানকে রাজনৈতিক প্রভাবমুক্ত রাখতে হবে।
শুক্রবার (৯ ডিসেম্বর) সকালে রাজধানীর ধানমন্ডিতে মাইডাস সেন্টারে ‘আন্তর্জাতিক দুর্নীতিবিরোধী দিবস-২০২২’ উপলক্ষে আলোচনা সভায় তিনি দুর্নীতি প্রতিরোধে এসব করণীয় তুলে ধরেন। ‘দুর্নীতি প্রতিরোধে ডেটা সাংবাদিকতা : প্রেক্ষিত বাংলাদেশ’ শীর্ষক আলোচনায় ‘দুর্নীতিবিরোধী অনুসন্ধানী সাংবাদিকতা পুরস্কার-২০২২’ প্রদান করা হয় এ সময়।
ইফতেখারুজ্জামান বলেন, ‘বিশ্বে এমন কোনো দেশ নেই যেখানে দুর্নীতি হয় না। সব দেশেই কমবেশি দুর্নীতি হয়। আমাদের মতো উন্নয়নশীল দেশগুলোতে এর ব্যাপ্তি ও প্রভাব বেশি।’
তিনি বলেন, ‘দুর্নীতি প্রতিরোধে সফল হতে চারটি জিনিসের প্রয়োজন। এর একটি হচ্ছে রাজনৈতিক সদিচ্ছা। এই সদিচ্ছা শুধু কাগজে-কলমে হলে হবে না। একে বাস্তবে রূপ দিতে হবে। দ্বিতীয়ত, যাদের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ তাদের বিচারের আওতায় আনতে হবে। তৃতীয়টা হচ্ছে প্রতিষ্ঠানগুলো দুর্নীতি প্রতিরোধের দায়িত্ব পালন করছে, তাদের সক্ষমতা বৃদ্ধি করতে হবে, সেখানে স্বচ্ছতা নিশ্চিত করতে হবে। প্রতিষ্ঠানগুলোকে রাজনৈতিক প্রভাবমুক্ত রাখতে হবে। আর চতুর্থ হলো সম্পূর্ণ সমাজকে দুর্নীতির বিরুদ্ধে রুখে দাঁড়াতে হবে।’
এ বছর অনুসন্ধানী সাংবাদিকতা পুরস্কারের জন্য মোট ৯৯টি প্রতিবেদন জমা পড়েছে। বিচারকদের যাচাই-বাছাই শেষে প্রিন্ট মিডিয়া (জাতীয় ও আঞ্চলিক ক্যাটাগরি) ও ইলেকট্রনিক মিডিয়া (প্রতিবেদন ও প্রামাণ্য অনুষ্ঠান) ক্যাটাগরিতে মোট তিনজন সাংবাদিক এবং একটি প্রামাণ্য অনুষ্ঠানকে এ বছর পুরস্কার দেওয়া হয়।
প্রিন্ট মিডিয়া আঞ্চলিক ক্যাটাগরিতে টিআইবির অনুসন্ধানী সাংবাদিকতা পুরস্কার বিজয়ী হয়েছেন খুলনার ‘দৈনিক পূর্বাঞ্চল’-এর স্টাফ রিপোর্টার হাসান হিমালয়। জাতীয় সংবাদপত্র বিভাগে টিআইবির অনুসন্ধানী সাংবাদিকতা পুরস্কারে বিজয়ী হয়েছেন দৈনিক প্রথম আলোর সিনিয়র রিপোর্টার আসাদুজ্জামান। আর টেলিভিশন (প্রতিবেদন) বিভাগে বিজয়ী হয়েছেন যমুনা টেলিভিশনের অনুসন্ধানী সেলের সম্পাদক অপূর্ব আলাউদ্দিন। এছাড়া টেলিভিশন (প্রামাণ্য অনুষ্ঠান) বিভাগে পুরস্কার পেয়েছে চ্যানেল টোয়েন্টি ফোরের প্রামাণ্য অনুষ্ঠান ‘সার্চলাইট’।
আঞ্চলিক ও জাতীয় সংবাদপত্র বিভাগে বিজয়ীদের প্রত্যেককে সম্মাননাপত্র, ক্রেস্ট ও ১ লাখ ২৫ হাজার টাকার চেক দেওয়া হয়েছে। আর বিজয়ী প্রামাণ্য অনুষ্ঠানের টিমকে সম্মাননাপত্র, ক্রেস্ট ও ১ লাখ ৫০ হাজার টাকার চেক দেওয়া হয়।
অনুষ্ঠানে ডেটা সাংবাদিকতা নিয়ে মূল প্রবন্ধ উপস্থাপন করেন টিআইবির আউটরিচ অ্যান্ড কমিউনিকেশন বিভাগের সমন্বয়ক মোহাম্মদ তৌহিদুল ইসলাম। উপস্থিত ছিলেন অধ্যাপক ড. সুমাইয়া খায়ের, সাংবাদিক জুলফিকার আলি মাণিক, রিয়াজ আহমেদ, তালাত মামুন, বদরুদ্দোজা বাবু প্রমুখ।