প্রবা প্রতিবেদক
প্রকাশ : ০২ জুলাই ২০২৫ ১৯:১০ পিএম
ঢাকার আদাবরের রামচন্দ্রপুরে দীর্ঘদিন ধরে দূষণের কবলে পড়ে নিষ্কাশনব্যবস্থা ব্যাহত হওয়া একটি প্রায় ২ কিলোমিটার দীর্ঘ খাল পরিস্কার করেছে সামাজিক উন্নয়নমূলক সংগঠন ফুটস্টেপস বাংলাদেশ। এই অভিযানে অংশ নিয়েছেন ১৫০ জন পরিচ্ছন্নতাকর্মী এবং ১৮০ জন স্বেচ্ছাসেবক।
সংগঠনটি এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে, স্থানীয় প্রতিষ্ঠান, সরকারি সংস্থা এবং বেসরকারি অংশীদারদের সহযোগিতায় এই উদ্যোগ বাস্তবায়ন করা হয়, যা শুধু খাল পরিস্কারেই সীমাবদ্ধ ছিল না- এটি এলাকার পরিবেশগত সচেতনতা এবং টেকসই ব্যবস্থাপনায় জনসম্পৃক্ততাও বাড়িয়েছে।
দীর্ঘদিনের জমে থাকা আবর্জনা ও বিষাক্ত পচা বর্জ্যের কারণে খালটির স্বাভাবিক পানি প্রবাহ বাধাগ্রস্ত হয়েছিল। খালটি পুনরুদ্ধারের মাধ্যমে ঢাকার এই এলাকায় পানি নিষ্কাশনের স্বাভাবিক গতি ফেরানোর চেষ্টা করছে উদ্যোগটি।
ফুটস্টেপস বাংলাদেশ বর্তমানে ঢাকা উত্তর সিটি করপোরেশন এবং পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের সঙ্গে যৌথভাবে কাজ করছে বর্জ্য ব্যবস্থাপনার কাঠামো উন্নয়নের লক্ষ্যে। ভবিষ্যতে সেপটিক ট্যাংক নির্মাণসহ আরও কিছু টেকসই উদ্যোগ নেওয়ার পরিকল্পনা রয়েছে বলেও জানানো হয়।