প্রবা প্রতিবেদক
প্রকাশ : ১১ জুন ২০২৫ ১৬:২০ পিএম
আপডেট : ১১ জুন ২০২৫ ১৬:২৫ পিএম
নারায়ণগঞ্জের রূপগঞ্জে এক ছাত্রলীগ নেতাকে ছাড়িয়ে নেওয়াকে কেন্দ্র করে ছাত্রদল ও যুবদলের কর্মী-সমর্থকদের সংঘর্ষের সময় গুলিবিদ্ধ হওয়া যুবক মারা গেছেন।
মঙ্গলবার (১০ জুন) রাতে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয় বলে জানান রূপগঞ্জ থানার ওসি লিয়াকত আলী।
নিহত মামুন মিয়া উপজেলার ভুলতা ইউনিয়নের মাঝিপাড়া এলাকার আব্দুল মন্নাফের ছেলে।
প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্র জানায়, ভুলতা ইউনিয়ন যুবদল নেতা বাদল মিয়া বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য মুস্তাফিজুর রহমান ভূইয়া দিপুর সঙ্গে রাজনীতি করেন। অপরদিকে, ভুলতা ইউনিয়ন ছাত্রদল নেতা জাহিদুল ইসলাম বাবু বিএনপি কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য কাজী মনিরুজ্জামান মনিরের সঙ্গে রাজনীতি করেন। তাদের দুই গ্রুপের মধ্যে এলাকায় আধিপত্য বিস্তার নিয়ে বিরোধ রয়েছে।
জানা যায়, মাঝিপাড়া এলাকার খোকা মিয়া এক সময় ছাত্রলীগের নেতা ছিলেন। বর্তমানে জাহিদুল ইসলাম বাবুর সঙ্গে ছাত্রদলের কর্মী হিসেবে যোগদান করেন।
অভিযোগ উঠেছে, গতকাল মঙ্গলবার বিকেলে যুবদল নেতা বাদল মিয়া ও তার লোকজন খোকা মিয়াকে বাড়ি থেকে জোরপূর্বক তুলে নিয়ে নির্যাতন চালায়। পরে জাহিদুল ইসলাম বাবু ও তার লোকজন খোকাকে উদ্ধার করতে যায়।
এসময় দুই পক্ষের মধ্যে হাতাহাতির ঘটনা ঘটে। একপর্যায়ে তাদের মধ্যে ধাওয়া-পাল্টাধাওয়া সংঘর্ষ ও গোলাগুলি হয়। এ সময় বাদল মিয়ার ভাই মুদি দোকানদার মামুন মিয়ার মাথায় গুলি লাগে।
এ বিষয়ে যুবদল নেতা বাদল মিয়া বলেন, নিষিদ্ধ ছাত্রলীগের সন্ত্রাসী সাব্বির হোসেন খোকাকে এলাকাবাসী আটক করে গণপিটুনি দেয়। আর সাব্বির খোকাকে ছাড়িয়ে নিতে জাহিদুল ইসলাম বাবু এলাকাবাসীর উপর এলোপাথাড়ি গুলি ছোড়ে। তার ছুড়া গুলিতে বাদলের ভাই মামুন মিয়া মাথায় গুলিবিদ্ধ হয়ে নিহত হয়েছেন।
জানতে চাইলে জাহিদুল ইসলাম বাবু বলেন, আমি ঘটনাস্থলে ছিলাম না। আমি বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য কাজী মনিরুজ্জামান মনিরের রাজনীতি করায় এবং অপর সদস্য মোস্তাফিজুর রহমান ভূঁইয়া দিপুর পক্ষে কাজ না করায় আমাকে এ ঘটনায় ফাঁসানো হচ্ছে।
এদিকে, সাংগঠনিক শৃঙ্খলা ভঙ্গের সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে জাহিদুল ইসলাম বাবুকে ছাত্রদল থেকে স্থায়ীভাবে বহিষ্কার করা হয়েছে। বুধবার (১১ জুন) সকালে কেন্দ্রীয় ছাত্রদলের দপ্তর সম্পাদক জাহাঙ্গীর আলমের স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করা হয়েছে।