ঢামেক প্রতিবেদক
প্রকাশ : ২৯ মে ২০২৫ ১১:৫৮ এএম
রাজধানীর মহাখালী হাজারীবাড়ি এলাকায় ফ্যানে বৈদ্যুতিক লাইন দিতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে রাশিদা বেগম (৩৮) নামে এক নারী মারা গেছেন। তিনি পেশায় গৃহকর্মী ছিলেন এবং বিভিন্ন বাসাবাড়িতে কাজ করতেন।
বুধবার (২৯ মে) রাত আনুমানিক ১২টার দিকে এ দুর্ঘটনা ঘটে। পরে তাকে অচেতন অবস্থায় উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে নেওয়া হয়। সেখানকার কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা শেষে তাকে মৃত ঘোষণা করেন।
মৃত রাশিদা বেগমের বাড়ি শেরপুর সদর উপজেলার বানিয়া গ্রামে। তিনি বর্তমানে বনানী থানাধীন মহাখালীর হাজারীবাড়ি এলাকার ৭১ নম্বর টিনশেড বাসায় ভাড়া থাকতেন।
মৃতের স্বামী মোহাম্মদ আলী বলেন, ‘আমার স্ত্রী বাসায় একটি টেবিল ফ্যানে বৈদ্যুতিক সংযোগ দেওয়ার সময় হঠাৎ বিদ্যুৎস্পৃষ্ট হয়ে পড়ে যান। বাসায় ফিরে এসে দেখি সে ফ্লোরে অচেতন অবস্থায় পড়ে আছে, হাত বিদ্যুতের তারে জড়িয়ে রয়েছে। পরে প্রতিবেশীদের সহায়তায় তাকে দ্রুত ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাই। যেখানে চিকিৎসক আমার স্ত্রীকে মৃত ঘোষণা করেন।’
ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মো. ফারুক হোসেন বলেন, মহাখালী থেকে বিদ্যুৎস্পৃষ্ট এক নারীকে হাসপাতালে আনা হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। বিষয়টি বনানী থানা পুলিশকে জানানো হয়। মরদেহ জরুরি বিভাগে রাখা হয়েছে।