প্রবা প্রতিবেদক
প্রকাশ : ২৬ মে ২০২৫ ১২:১২ পিএম
রাজধানীর কমলাপুর মোড়ে রাস্তা পার হওয়ার সময় বিআরটিসি বাসের ধাক্কায় রশনি পাল (৭) নামে এক স্কুলছাত্রী নিহত হয়েছে। নিহত রশনি মতিঝিল সরকারি মডেল স্কুলের প্রথম শ্রেণির শিক্ষার্থী ছিল।
সোমবার (২৬ মে) সকাল সাড়ে ৯টার দিকে এ দুর্ঘটনা ঘটে।
নিহত রশনি মুন্সীগঞ্জের টঙ্গীবাড়ী উপজেলার পাটগাঁও গ্রামের পলাশ পালের মেয়ে। তার পরিবার রাজধানীর মুগদা মান্ডা এলাকায় বসবাস করে।
রশনির দাদী রেখা বিশ্বাস বলেন, ‘নাতনি প্রতিদিনের মতোই স্কুলে যাচ্ছিল। কমলাপুর মোড়ে রাস্তা পার হওয়ার সময় দ্রুতগতির একটি বিআরটিসি বাস ধাক্কা দিলে সে গুরুতর আহত হয়। পরে আহত অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নেওয়া হয়। সেখানকার চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
তিনি আরও বলেন, ঘাতক বাসটি পুলিশ আটক করেছে।
ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্প ইনচার্জ পরিদর্শক মো. ফারুক বিষয়টি নিশ্চিত করে বলেন, মরদেহ হাসপাতালের জরুরি বিভাগের মর্গে রয়েছে। এ বিষয়ে সংশ্লিষ্ট থানাকে অবহিত করা হয়েছে।