প্রবা প্রতিবেদক
প্রকাশ : ২০ মে ২০২৫ ১৭:২৪ পিএম
আপডেট : ২০ মে ২০২৫ ১৭:৩১ পিএম
ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ও ছাত্রদল নেতা শাহরিয়ার আলম সাম্য হত্যায় জড়িতদের গ্রেপ্তার ও বিচারের দাবিতে শাহবাগ মোড় অবরোধ করেছেন ছাত্রদলের নেতাকর্মীরা।
মঙ্গলবার (২০ মে) বেলা ৩টার পর ছাত্রদলের নেতাকর্মীরা শাহবাগ মোড়ে জড়ো হয়ে অবরোধ করেন।
এসময় বৃষ্টি উপেক্ষা করে তারা স্লোগান দিচ্ছিলেন- ‘আমার ভাই কবরে, খুনি কেন বাহিরে’, ‘উই ওয়ান্ট জাস্টিস’, ‘বিচার চাই বিচার চাই, সাম্য হত্যার বিচার চাই’।
এসময় ক্যাম্পাসে নিরাপত্তা পরিস্থিতি অবনতির জন্য ঢাবি উপাচার্য এবং প্রক্টরকে দায়ী করে তাদের পদত্যাগও দাবি করেন নেতাকর্মীরা।
এদিকে ছাত্রদলের অবরোধের ফলে শাহবাগ মোড় দিয়ে যানচলাচল বন্ধ হয়ে গেছে। দেখা দিয়েছে তীব্র যানজট।
গত ১৩ মে সোহরাওয়ার্দী উদ্যানে দুর্বৃত্তদের ছুরিকাঘাতে নিহত হন শাহরিয়ার আলম সাম্য। বিশ্ববিদ্যালয়ের এ এফ রহমান হল ছাত্রদলের সাহিত্য ও প্রকাশনা সম্পাদক ছিলেন তিনি।
এ ঘটনায় এখন পর্যন্ত তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
সাম্য হত্যার বিচার চেয়ে আন্দোলন করে আসছে ছাত্রদল।