প্রবা প্রতিবেদন
প্রকাশ : ০৭ ডিসেম্বর ২০২২ ১৬:৫৪ পিএম
আপডেট : ০৭ ডিসেম্বর ২০২২ ২১:০২ পিএম
বকশীবাজারে মাঠ উদ্বোধনে গেলে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের মেয়র ফজলে নূর তাপসের ওপর হামলার চেষ্টা চালান মাদ্রাসার শিক্ষার্থীরা। ছবি : ফোকাস বাংলা
রাজধানীর বকশীবাজারে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের মেয়র ফজলে নূর তাপসের ওপর হামলার চেষ্টা হয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ দুটি রাবার বুলেট ছোড়ে। এ সময় ঘটনাস্থল থেকে একজনকে আটক করা হয়।
বুধবার (৭ ডিসেম্বর) দুপুর ১টার দিকে এ ঘটনা ঘটে।
পুলিশ জানায়, বকশীবাজার কেন্দ্রীয় মাঠ উদ্বোধনের জন্য ফটকে উপস্থিত হলে ঢাকা সরকারি আলিয়া মাদ্রাসার শিক্ষার্থীরা এ মাঠ নিজেদের দাবি করে মেয়রের ওপর হামলার চেষ্টা চালান। পরে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও নিরাপত্তা প্রহরীদের পাহারায় মাঠ উদ্বোধন না করেই মেয়র স্থান ত্যাগ করেন।
পুলিশ জানায়, মেয়র চলে যাওয়ার সময় বিক্ষোভকারী শিক্ষার্থীরা মাঠের ভেতর থেকে চেয়ার ছুড়তে থাকেন। পরে পুলিশ ধাওয়া দিলে তারা দৌড়ে মাঠের অন্য প্রান্তে গিয়ে ইটপাটকেল ছুড়তে থাকেন। এ সময় বেশ কিছুক্ষণ ধাওয়া-পাল্টা ধাওয়া চলতে থাকে।
লালবাগ থানার ডিসি মো. জাফর ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। প্রতিদিনের বাংলাদেশকে তিনি বলেন, ‘হামলাকারীরা ঢাকা সরকারি আলিয়া মাদ্রাসার শিক্ষার্থী। আপাতত এটুকু পরিচয় জানা গেছে। আইনশৃঙ্খলা পরিস্থিতি ঠিক রাখতে আমরা ব্যবস্থা নিয়েছি। হামলাকারীদের মূল পরিচয় বের করা হবে।’
কোনো শিক্ষার্থী আটক হয়েছেন কি না—জানতে চাইলে তিনি বলেন, ‘এখন পর্যন্ত আটক হয়েছেন কি না সে তথ্য আমার কাছে নেই। স্থানীয় থানাগুলোয় খোঁজ নিয়ে জানাতে পারব।’
ঢাকা আলিয়া মাদ্রাসার ভারপ্রাপ্ত অধ্যক্ষ মাওলানা মো. আবদুর রশিদ প্রতিদিনের বাংলাদেশকে বলেন, ‘কারাগার ও ঢাকা আলিয়া মাদ্রাসার মধ্যে মাঠটি মিয়ে মামলা চলছে। এখনও তার কোনো সমাধান হয়নি। মামলার রায়ের আগে বলা যাবে না মাঠটি আমাদের বা তাদের। শিক্ষার্থীদের দাবি হলো মাঠের নাম নিয়ে।’
হামলার বিষয়ে তিনি বলেন, ‘দাবি থাকলেই শিক্ষার্থীরা কারও ওপর হামলা করতে পারে না। আর পুলিশ আটক করবে এটাও কাম্য নয়।’
মেয়র তাপস সেখানে যাওয়ার আগে বুধবার দুপুর ১২টা থেকে আলিয়া মাদ্রাসার শিক্ষার্থীরা মাঠের মূল ফটক অবরোধ করে রাখেন। মাঠটি নিজেদের দাবি করে এ সময় তারা বিভিন্ন স্লোগান দিতে থাকেন।