প্রবা প্রতিবেদক
প্রকাশ : ০৫ মে ২০২৫ ১২:৩৮ পিএম
রাজধানী নিউমার্কেট থানাধীন এলিফ্যান্ট রোড এলাকার একটি নির্মাণাধীন ভবনে আট তলার লিফটের ফাঁকা দিয়ে পড়ে আব্দুস সামাদ (১৮) নামে এক নির্মাণ শ্রমিকের মৃত্যু হয়েছে।
রবিবার (৪ মে) সন্ধ্যার দিকে এ ঘটনাটি ঘটে।
নিহতের বড় ভাই মো. রাজিব বলেন, ‘আমার ভাই, আমি নির্মাণ শ্রমিকের কাজ করি। রবিবার সন্ধ্যার দিকে আমার ছোট ভাই এলিফ্যান্ট রোড এলাকায় একটি নির্মাণাধীন ভবনের কাজ শেষে আটতলার লিফটের ফাঁকা দিয়ে অসাবধানতাবশত নিচে পড়ে যায়। পরে তাকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে ঢাকা মেডিকেলের জরুরি বিভাগে নিয়ে গেলে ওয়ান স্টপ ইমারজেন্সি সেন্টারে (ওসেকে) ভর্তি করা হলে সেখানেই তার মৃত্যু হয়।’
তিনি আরো বলেন, ‘আমার ভাই গ্রামে বাড়ি তে একটি খাবার হোটেলে কাজ করতো। গ্রামে চলতে তার কষ্ট হওয়ায় আমি তাকে ঢাকায় নিয়ে এসে নির্মাণ শ্রমিকের সহকারী হিসেবে কাজ শিখিয়ে কাজে দিয়েছিলাম। ওই নির্মাণাধীন ভবনেই থাকতাম আমরা। আজ আমাদের ছেড়ে আমার ভাই চিরতরে চলে গেল। আমরা নওগাঁ জেলার পত্নীতলা উপজেলার আলপাকা গ্রামের জাবেদ আলীর সন্তান।
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মো. ফারুক মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জানান, মরদেহ ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে রয়েছে। বিষয়টি সংশ্লিষ্ট থানাকে অবগত করা হয়েছে।