চার দফা দাবি
প্রবা প্রতিবেদক
প্রকাশ : ০৩ মে ২০২৫ ১১:০৪ এএম
আপডেট : ০৩ মে ২০২৫ ১১:৫৩ এএম
নারীবিষয়ক সংস্কার কমিশন বাতিলসহ চার দফা দাবিতে রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে হেফাজতে ইসলামের ডাকা মহাসমাবেশ শুরু হয়েছে।
শনিবার (৩ মে) হেফাজতে ইসলাম বাংলাদেশ আয়োজিত মহাসমাবেশে ঢল নেমেছে। এরই মধ্যে হেফাজতের শীর্ষ পর্যায়ের নেতারা মহাসমাবেশস্থলে পৌঁছেছেন বলে জানা গেছে।
হেফাজতে ইসলামের আমির আল্লামা শাহ্ মুহিব্বুল্লাহ্ বাবুনগরীর সভাপতিত্বে শীর্ষ নেতাসহ দেশবরেণ্য ওলামায়ে কেরাম মহাসমাবেশে বক্তব্য দেবেন।
মহাসমাবেশ ঘিরে সোহরাওয়ার্দী উদ্যানের চারপাশের রাস্তা ও সবকটি প্রবেশপথে নেতাকর্মীর চাপ। মহাসমাবেশ বেলা ১টা পর্যন্ত চলবে।
দলটির পক্ষ থেকে দলমতনির্বিশেষে সাধারণ মানুষসহ পেশাজীবীদের অংশ নেওয়ার আহ্বান জানানো হয়েছে।
সকাল থেকে সোহরাওয়ার্দী উদ্যানের মহাসমাবেশ ঘিরে মিছিল আসছে শাহবাগ, মতিঝিল, নীলক্ষেত, যাত্রাবাড়ী, কলাবাগান, ফার্মগেট, মোহাম্মদপুর থেকে। দোয়েল চত্বর, টিএসসি, শাহবাগ, রমনাসংলগ্ন গেট দিয়ে নেতাকর্মীরা মিছিল নিয়ে প্রবেশ করছেন সোহরাওয়ার্দী উদ্যানে।
ঢাকা-চট্টগ্রাম ছাড়াও বাস-ট্রাকে চেপে দেশের বিভিন্ন জেলা-উপজেলা থেকে নেতাকর্মী এতে যোগ দিয়েছেন।
হেফাজতের চার দফা দাবি
১. নারীবিষয়ক সংস্কার কমিশন ও এর প্রতিবেদন বাতিল করা।
২. সংবিধানে বহুত্ববাদের পরিবর্তে আল্লাহর ওপর পূর্ণ আস্থা ও বিশ্বাস পুনর্বহাল করতে হবে।
৩. হেফাজতের নেতাকর্মীদের বিরুদ্ধে দায়ের হওয়া সব মামলা প্রত্যাহার ও শাপলা চত্বরের হত্যাকাণ্ডসহ সব গণহত্যার বিচার করতে হবে।
৪. ফিলিস্তিন ও ভারতে ‘মুসলিম গণহত্যা ও নিপীড়ন বন্ধে’ সরকারকে ভূমিকা রাখতে হবে।