× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

ঈদের কেনাকাটা

শেষ সময়ে পাঞ্জাবির দোকানে ক্রেতাদের ভিড়

হাসনাত শাহীন

প্রকাশ : ২৯ মার্চ ২০২৫ ১২:৪৮ পিএম

ছবি : সংগৃহীত

ছবি : সংগৃহীত

উৎসবপ্রিয় বাঙালির সংস্কৃতির সর্বকালের ধারক হিসেবে পরিচিত পোশাক পাঞ্জাবি এবং পাজামা। ঈদ কিংবা বাঙালির বিভিন্ন পালা-পার্বণ এলেই এ পোশাকের কদর বেড়ে যায় বহুগুণে। যদি সেই উৎসবটা হয় ঈদ, তাহলে তো কথাই নেই! শিশু থেকে শুরু করে বৃদ্ধ পর্যন্ত; ছোট-বড় সবারই যেন পাঞ্জাবি চাই-ই চাই। নতুন পাঞ্জাবি ছাড়া যেন ঈদ অসম্পূর্ণ থেকে যায়। যে কারণে প্রতিবছর ঈদ এলেই শতগুণে বেড়ে যায় পাঞ্জাবি-পাজামা বিক্রি। এবারের ঈদুল ফিতরকে সামনে রেখে ঈদবাজারেও তার ব্যত্যয় হচ্ছে না। ঈদের আনন্দকে আরও জাঁকজমক ও আকর্ষণীয় করে তুলতে মার্কেটে মার্কেটে ঘুরেফিরে অন্যসব পোশাকের পাশাপাশি এবারও প্রায় সবাই কিনে নিচ্ছেন পাঞ্জাবি ও পাজামা।

ঈদ বাজারের শেষ মুহূর্তে রাজধানীর বিভিন্ন মার্কেট ঘুরে দেখা গেছে প্রায় সব মার্কেটেই পাঞ্জাবি বিক্রির ধুম পড়েছে। পান্থপথের বসুন্ধরা সিটি শপিংমল, কুড়িলের যমুনা ফিউচার পার্ক, ধানমন্ডির সুবাস্তু আর্কেড ও রাপা প্লাজা, গুলশানের হাতিরঝিলের পাশে অবস্থিত পুলিশ প্লাজার মতো বড় বড় মার্কেটের বিভিন্ন ব্র্যান্ডের শোরুমগুলোর পাশাপাশি নীলক্ষেতের নিউমার্কেটসহ অন্যান্য মার্কেট, এলিফ্যান্ট রোড, আজিজ সুপার মার্কেট, বেইলি রোড, গুলিস্তান, বায়তুল মোকাররম, বঙ্গবাজার, মৌচাক মার্কেট, মোহাম্মদপুর ও মিরপুরের ছোট-বড় মার্কেটগুলোতে ঘুরে সেই প্রমাণ মিলেছে।

ব্যবসায়ীরা জানাচ্ছেনÑ যে বয়সের হোক না কেন; ঈদের দিন নতুন পাঞ্জাবি ছাড়া কারোরই জমেই না। কিন্তু প্রতিবছর রোজার ঈদের কেনাকাটার একেবারে শেষদিকে এসে বেশি বিক্রি হয় পাঞ্জাবি। এবারও তাই হচ্ছে। তবে অন্যবারের তুলনায় এবার ব্যবসা কম। বিগত কয়েকদিন হলো পাঞ্জাবি বিক্রি শুরু হয়েছে। যা চাঁদরাত পর্যন্ত চলবে।

তাদের তথ্য মতে, অন্যান্য পাঞ্জাবির চেয়ে এবারও প্রিন্টের পাঞ্জাবির প্রতিই বেশি ঝুঁকছেন মানুষ। বিভিন্ন মার্কেট ঘুরে দেখা গেলÑ ইয়োলো, জেন্টল পার্ক, বার্ডস আই, ওটু, লা রিভ, টুয়েলভ, অঞ্জন’স, লুবনান, রিচম্যান থেকে শুরু করে ছোট-বড় প্রায় সব ফ্যাশন হাউসগুলোই এবারের ঈদ উপলক্ষে প্রিন্টের নতুন পাঞ্জাবিই বেশি এনেছে।

আজিজ সুপার মার্কেটের বার্ডস আইয়ের পাইকারি ও খুচরা বিক্রয়ের শো-রুমের বিক্রয়কর্মীরা জানান, প্রতিবারই বার্ডস আই চেষ্টা করে তাদের পোশাকে নতুনত্ব আনার। এবারও তার ব্যতিক্রম ঘটেনি। এবারের বিশেষ আয়োজনে রয়েছে চায়না, ইন্ডিয়া, বাংলাদেশি কাপড়ের তৈরি শত শত বাহারি রঙ এবং ডিজাইনের পাঞ্জাবি। এ ছাড়াও বার্ডস আইয়ের শার্ট, পলো টি শার্টসহ সকল পোশাক সময় উপযোগী।

বিশ্বরঙ-এর স্বত্বাধিকারী ডিজাইনার বিপ্লব সাহা বলেন, এবার গরমের মধ্যে ঈদ হওয়ার কারণে নকশা ও থিমের চেয়ে আরামই বেশি প্রাধান্য দেওয়া হয়েছে পাঞ্জাবির কাপড়ে। যেজন্য কটন, সেমিকটন, লিনেন ও পাতলা তাঁতের কাপড়ে তৈরি হয়েছে আমাদের এবারের ঈদের পাঞ্জাবি থেকে অন্যান্য পোশাক। তবে, পাঞ্জাবির মোটিফেও ইসলামিক, ফ্লোরাল, ফুল, লতাপাতা ও ম মোগল কারুকার্য সন্নিবেশিত করা হয়েছে। 

কে ক্রাফটের বিক্রয়কর্মীরা জানান, এবারের ঈদ উপলক্ষে কে ক্রাফট নিয়ে এসেছে- লাল, নীল, সাদা, কালো, খয়েরিসহ বিভিন্ন রঙের বর্ণিল নকশার দারুণ সব পাঞ্জাবি। এসব পাঞ্জাবির গলা, বুক ও হাতার পাশাপাশি কাঁধেও নতুন নকশা করা হয়েছে। ঐতিহ্যবাহী কাঁথা স্টিচ, মোগল শৈলী, উইভিং মোটিফের অনুপ্রেরণা ছাড়াও গুজরাটি, ইক্কত, কলকা আর্ট, জামদানি, ফ্লোরাল, ট্র্যাডিশনাল, টার্কিশ আর্ট ও ইসলামিক মোটিফ ফুটিয়ে তোলা হয়েছে। গরমের কথা চিন্তা করে কটন, ডিজাইন কটন, হ্যান্ডলুম কটন, লিনেন, জর্জেট, সিল্ক, হাফসিল্ক, টিস্যু ও সাটিনের মতো আরামদায়ক কাপড় বেছে নেওয়া হয়েছে। এজন্য তাদের বেচাকেনাও ভালো হচ্ছে।

নিউমার্কেট ও অন্যান্য মার্কেট, এলিফ্যান্ট রোডের বিভিন্ন দোকান, গুলিস্তান, মৌচাক, মিরপুর ও মোহাম্মদপুর এলাকার বিভিন্ন মার্কেটগুলোর পাঞ্জাবির অধিকাংশ দোকানগুলোতেও পর্যাপ্ত ভিড় দেখা গেলেও কিছু দোকানে ক্রেতাশূন্যতাও দেখা মিলেছে। এবারের ঈদ বাজারের শেষ সময়ে এমন অবস্থা নিয়ে এসব দোকানি বলছেন, এবার শুরুর দিকে থেকে  ঢিমেতালে পাঞ্জাবি বিক্রি হয়েছে। কিন্তু গত বছরের তুলনায় এবারের বিক্রি অনেক কম। আমাদের দোকানে ক্রেতারা এসে ঘুরে গিয়ে ফুটপাত থেকে পাঞ্জাবি কিনে নিচ্ছে।

গতকাল সায়েন্স ল্যাব থেকে নিউ মার্কেটের দিকে যেতে ফুটপাত ও ফুটপাতসংলগ্ন পাঞ্জাবির দোকানগুলোতে বেশ ভিড় দেখা যায়। এসব দোকানির সঙ্গে প্রতিদিনের বাংলাদেশের পক্ষে জানতে চাইলে তারা বলেন, রোজার শুরু থেকে আমাদের দোকানগুলোতে পাঞ্জাবির ক্রেতার সংখ্যা খুবই কম ছিল। কিন্তু শেষ সময়ে এসে ক্রেতা বেড়েছে। বেচাকেনাও ভালো হচ্ছে। তবে অন্য বছরের তুলনায় এবার খুব কম পাঞ্জাবি বিক্রি হচ্ছে।

ফুটপাতের এক দোকান থেকে পাঞ্জাবি কেনা নাম প্রকাশে অনিচ্ছুক এক ব্যক্তির কাছে জানতে চাইলে তিনি প্রতিদিনের বাংলাদেশকে বলেন, মার্কেটের ওপরের দোকানগুলোতে দরদাম করেছি। সেখানে দাম তুলনামূলকভাবে বেশি। ঈদবাজার শেষে এখন বাজেট কমে গেছে। এজন্য ফুটপাতের দোকান থেকে পাজামা এবং পাঞ্জাবি কিনলাম। এখানকার জিনিস বেশ ভালো বলেই মনে হচ্ছে আমার কাছে। 


শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা