প্রবা প্রতিবেদক
প্রকাশ : ২৭ মার্চ ২০২৫ ২০:৪৯ পিএম
প্রবা ফটো
ঈদযাত্রা নিরাপদ ও স্বাচ্ছন্দ্যময় করার জন্য রাজধানীর উত্তরা, আব্দুল্লাপুর ও আশেপাশের বিভিন্ন কাউন্টারে অতিরিক্ত ভাড়া আদায় এবং অতিরিক্ত যাত্রী পরিবহনসহ বিভিন্ন অনিয়মের বিরুদ্ধে অভিযান পরিচালনা করা হয়েছে।
বৃহস্পতিবার (২৭ মার্চ) সকালে বিআরটিএর নির্বাহী ম্যাজিস্ট্রেট সাজিদ আনোয়ার ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন।
এ সময় সেবা গ্রীন লাইন ও ইসলাম পরিবহনকে অতিরিক্ত ভাড়া আদায়ের অপরাধে ১০ হাজার টাকা করে জরিমানা করা হয় এবং কয়েকজন যাত্রীকে অতিরিক্ত গ্রহণকৃত ভাড়া ফেরত প্রদান করা হয়।
এছাড়া কোটালিপাড়া পরিবহনকে ভাড়ার তালিকা প্রদর্শন না করায় এবং অভি পরিবহনকে টিকিট বিহীন যাত্রী উঠানোর অপরাধে ৫ হাজার টাকা করে জরিমানা করা হয়। অভিযানে মোট ৪ মামলায় ৩০ হাজার টাকা জরিমানা করা হয়।
এ সময় যাত্রীদের সুবিধা অসুবিধার বিষয়ে আলাপ করা হয় ও কাউন্টারগুলোকে ভাড়া বেশি না নেওয়া, যথাযথভাবে টিকিট প্রদান ও যানজট সৃষ্টি না করাসহ বিভিন্ন বিষয়ে সতর্ক করা হয়।
নির্বাহী ম্যাজিস্ট্রেট জানান, যাত্রীদের ঈদযাত্রা নিরাপদ ও নিবিঘ্ন করার লক্ষে বিআরটিএর মোবাইল কোর্টের অভিযান চলমান থাকবে।