প্রবা প্রতিবেদক
প্রকাশ : ১৭ মার্চ ২০২৫ ১১:০৯ এএম
আপডেট : ১৭ মার্চ ২০২৫ ১১:২২ এএম
ছবি : সংগৃহীত
কর্তৃপক্ষের আশ্বাসের পর মেট্রোরেলের কর্মবিরতি প্রত্যাহার করেছেন কর্মীরা। একই সঙ্গে চালু হয়েছে টিকিট বিক্রি। সোমবার (১৭ মার্চ) সকাল ৯টার দিকে কর্মীরা কর্মবিরতি প্রত্যাহার করে কাজে ফেরেন।
এর আগে এমআরটি পুলিশ সদস্যদের দ্বারা ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেড (ডিএমটিসিএল)-এর চার কর্মী মৌখিক ও শারীরিকভাবে লাঞ্ছিত হওয়ার অভিযোগে রবিবার মধ্যরাত থেকে কর্মবিরতির ঘোষণা দেন মেট্রোরেল কর্মীরা।
তবে যাত্রীদের ভোগান্তির কথা চিন্তা করে সোমবার মেট্রোরেল চালু রাখার সিদ্ধান্ত নেন কর্তৃপক্ষ। এ অবস্থায় কর্মী না থাকার কারণে ফাঁকা ছিল কাউন্টারগুলো। আর সে সুযোগেই ওই সময়টাতে টিকিট ছাড়াই ভ্রমণ করেছেন অনেক যাত্রী।
সে সময়টাতে মেট্রো স্টেশনের ভেতরে কয়েকজন আনসার এবং পুলিশ সদস্য ছাড়া বাকি কর্মী দেখা যায়নি। ফলে টিকিট দেওয়া, এমনকি চেকিং করার মতোও কেউ ছিল না। পাস মেশিনও বন্ধ ছিল। এতে টিকিট ছাড়াই চলাচল করেছেন যাত্রীরা।
ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক ফজলুল হক সাংবাদিকদের বলেন, ‘বিষয়টি নিয়ে মিনিস্ট্রি একটি কমিটি করেছে। যারা এ ঘটনায় জড়িত তাদের শাস্তির আওতায় আনা হবে। এরই মধ্যে এমআরটি পুলিশের পক্ষ থেকে ব্যবস্থা নেওয়া হয়েছে।’