প্রবা প্রতিবেদক
প্রকাশ : ১০ মার্চ ২০২৫ ১৩:২১ পিএম
আপডেট : ১০ মার্চ ২০২৫ ১৩:২৬ পিএম
ছবি : সংগৃহীত
রাজধানীর বনানীর চেয়ারম্যানবাড়ি এলাকায় সড়ক দুর্ঘটনায় এক নারী পোশাকশ্রমিক নিহত ও আরেকজন আহত হওয়ার ঘটনায় সকাল থেকে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের বনানী ও মহাখালী অংশ অবরোধ করে বিক্ষোভ করছেন শ্রমিকরা।
এর ফলে পুরো এলাকায় তীব্র যানজট সৃষ্টি হয়েছে, যা আশপাশের সড়কগুলোতেও ছড়িয়ে পড়েছে। বিশেষ করে ইসিবি চত্বর, মাটিকাটা, শ্যাওড়া, খিলক্ষেত ও বিমানবন্দর সড়কে যান চলাচল কার্যত অচল হয়ে পড়েছে।
সোমবার (১০ মার্চ) দুপুরে ইসিবি চত্বর থেকে রেডিসন ব্লু হোটেল পর্যন্ত ঘুরে দেখা গেছে, সড়কে গাড়ির দীর্ঘ সারি। মহাসড়কে আটকে পড়া যানবাহনগুলো ফ্লাইওভার হয়ে মিরপুরের দিকে যেতে চেষ্টা করছে, তবে সেখানে তীব্র যানজট দেখা দিয়েছে। বনানী থেকে বিমানবন্দর হয়ে উত্তরার জসিমউদ্দীন পর্যন্ত যান চলাচল প্রায় বন্ধ হয়ে গেছে।
রোজা রেখে কাজে বের হওয়া মানুষজন চরম ভোগান্তিতে পড়েছেন। দীর্ঘসময় বাসে আটকে থাকার পর অনেকে বাধ্য হয়ে হেঁটে গন্তব্যে রওনা হয়েছেন।
পথচারী নুরুল ইসলাম বলেন, মহাখালী যাওয়ার জন্য বের হয়েছিলাম, কিন্তু গাড়ি এক জায়গায় স্থির। বাধ্য হয়ে হাঁটতে শুরু করেছি, দেখি কতদূর যেতে পারি।
এক শিক্ষার্থী নাঈম হাসান বলেন, ১ ঘণ্টার বেশি চেষ্টা করেও খিলক্ষেত পার হতে পারিনি, তাই বাসায় ফিরে যাচ্ছি।
ডিএমপি ট্রাফিক গুলশান বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) মো. মফুদুল ইসলাম জানান, শ্রমিকদের আন্দোলনের কারণে যান চলাচল বন্ধ রয়েছে। যাত্রীদের ভোগান্তি কমাতে কিছু গাড়ি ক্যান্টনমেন্ট, রামপুরা রোড ও প্রগতি সরণি দিয়ে ডাইভারশন করে দেওয়া হচ্ছে।