সাঁড়াশি অভিযান
প্রবা প্রতিবেদক
প্রকাশ : ০৭ মার্চ ২০২৫ ২০:৩৪ পিএম
ছবি : সংগৃহীত
আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে রাজধানীজুড়ে জোরদার করা হয়েছে পুলিশি কার্যক্রম। টহল বাড়ানোসহ বিভিন্ন স্থানে চেকপোস্ট বসিয়ে তল্লাশি করছে পুলিশ। গুরুত্বপূর্ণ স্থানে পুলিশি চেকপোস্টসহ সিটিটিসি, এটিইউ, এপিবিএন এবং র্যাবের টহল টিম দায়িত্ব পালন করছে বলে জানিয়েছে পুলিশ।
গত বুধবার থেকে বৃহস্পতিবার পর্যন্ত ২৪ ঘণ্টায় রাতে ৩৪০টি ও দিনে ৩২৭টি টিম ঢাকা মহানহগরীর বিভিন্ন স্থানে সাঁড়াশি অভিযান চালিয়ে বিভিন্ন অপরাধে জড়িত মোট ১৮৮ জনকে গ্রেপ্তার করার কথাও জানিয়েছে ডিএমপি।
শুক্রবার (৭ মার্চ) ডিএমপি মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপ-কমিশনার (ডিসি) মুহাম্মদ তালেবুর রহমান বলেন, জননিরাপত্তা বিধান ও আইনশৃঙ্খলা পরিস্থিতি স্থিতিশীল রাখতে ঢাকা মহানগর এলাকায় পুলিশি কার্যক্রম জোরদার করা হয়েছে। এরই অংশ হিসেবে ডিএমপিসহ অন্যান্য আইনশৃঙ্খলা বাহিনী সমন্বিত চেকপোস্ট ও টহল কার্যক্রম বাড়িয়েছে।
ডিএমপির ক্রাইম কমান্ড অ্যান্ড কন্ট্রোল সেন্টারের তথ্যের বরাত দিয়ে তিনি বলেন, গত বৃহস্পতিবার ২৪ ঘণ্টায় ডিএমপির ৫০টি থানা এলাকায় জননিরাপত্তা বিধানে দুই পালায় ৬৬৭টি টহল টিম দায়িত্ব পালন করে। এর মধ্যে রাতে ৩৪০টি ও দিনে ৩২৭টি টিম দায়িত্ব পালন করে। টহল টিমগুলোর মধ্যে রয়েছে মোবাইল পেট্রোল টিম ৪৭৯টি, ফুট পেট্রল টিম ৭৩টি ও হোন্ডা পেট্রল টিম ১১৫টি। এছাড়া মহানগর এলাকার নিরাপত্তা বাড়াতে বিভিন্ন গুরুত্বপূর্ণ ও কৌশলগত স্থানে ডিএমপির ৭১টি পুলিশি চেকপোস্ট পরিচালিত হ।
ডিসি তালেবুর রহমান বলেন, সাঁড়াশি অভিযানে গ্রেপ্তার ১৮৮ জনের মধ্যে ৬ জন ডাকাত, ২২ জন পেশাদার সক্রিয় ছিনতাইকারী, ৪ জন চাঁদাবাজ, ৭ জন চোর, ২০ জন চিহ্নিত মাদক কারবারি, ৩০ জন পরোয়ানাভুক্ত আসামিসহ অন্যান্য অপরাধে জড়িত অপরাধী রয়েছেন।
অভিযানে বিভিন্ন অপরাধে ব্যবহৃত একটি পিস্তলের ম্যাগজিন, তিনটি চাইনিজ কুড়াল, দুটি চাকু, একটি হ্যাকসো ব্লেড, একটি সার্কিট ব্রেকার, তিনটি চাবি, একটি চাবির রিং, একটি ব্যাগ, তিনটি মোবাইল ফোন ও নগদ ১৯ হাজার টাকা উদ্ধার করা হয়েছে।
এছাড়া অভিযানকালে ৬৩ কেজি ৫৭০ গ্রাম গাঁজা ও ৫০ পিস ইয়াবা উদ্ধার করার কথা জানিয়ে ডিএমপির গণমাধ্যম শাখার ডিসি তালেবুর বলেন, গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে ডিএমপির বিভিন্ন থানায় ৬৭টি মামলা করা হয়েছে।
দারুস সালামে ডাকাতির প্রস্তুতিকালে অস্ত্রসহ গ্রেপ্তার ২
রাজধানীর দারুস সালাম এলাকায় ডাকাতির প্রস্তুতিকালে বিপুল পরিমাণ দেশীয় অস্ত্রসহ দুর্ধর্ষ ডাকাত দলের দুই সক্রিয় সদস্যকে গ্রেপ্তার করেছে দারুস সালাম থানা পুলিশ ও যৌথবাহিনী। গ্রেপ্তারকৃতরা হলেন- মো. সাকলাইন খান তামিম (২২) ও মো. আব্দুল্লাহ নয়ন (২৪)।
গত বৃহস্পতিবার রাতে দারুস সালামের বসুপাড়ার একটি বাসায় যৌথ অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়েছে। তাদের কাছ থেকে ছয়টি লোহার ছুরি, তিনটি লোহার চাপাতি, একটি সুইচ গিয়ার, একটি হাতুড়ি, একটি লোহার দা ও একটি স্টিলের ছিদ্রযুক্ত ধাতব নাকেল উদ্ধার করা হয়েছে।
গতকাল ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপ-কমিশনার মুহাম্মদ তালেবুর রহমান বলেন, বৃহস্পতিবার রাত ১১টা ৩৫ মিনিটের দিকে বসুপাড়ার একটি বাসায় কতিপয় দুষ্কৃতকারী ডাকাতির প্রস্তুতি নিচ্ছে বলে খবর পায় থানা পুলিশ। ওই তথ্যের ভিত্তিতে অভিযান চালায় দারুস সালাম থানা পুলিশ ও যৌথবাহিনীর একটি টিম। তাদের উপস্থিতি টের পেয়ে পালানোর সময় সাকলাইন ও আব্দুল্লাহকে দেশীয় অস্ত্রসহ গ্রেপ্তার করা হয়েছে। এ ঘটনায় দারুস সালাম থানায় গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে মামলা হয়েছে।
ডিসি বলেন, গ্রেপ্তারকৃতরা পেশাদার দুর্ধর্ষ ডাকাত দলের সক্রিয় সদস্য। ডাকাতি করার উদ্দেশে তারা দেশীয় অস্ত্রসহ ওই বাসায় একত্রিত হয়েছিলেন।