প্রবা প্রতিবেদক
প্রকাশ : ০৪ ডিসেম্বর ২০২২ ১৪:৫৪ পিএম
আপডেট : ০৪ ডিসেম্বর ২০২২ ১৫:২৬ পিএম
জাতীয় প্রেস ক্লাবে গণস্বাস্থ্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা ও ট্রাস্টি ডা. জাফরুল্লাহ। ছবি : প্রবা
আওয়ামী লীগ সভাপতি চট্টগ্রামে গিয়ে জনসভা করতে পারলে বিএনপি চেয়ারপারসন কেন পল্টনে গণসমাবেশ করতে পারবেন না, সেই প্রশ্ন তুলেছেন গণস্বাস্থ্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা ও ট্রাস্টি ডা. জাফরুল্লাহ।
তিনি বলেছেন, ‘আপনি (শেখ হাসিনা) ঢাকা থেকে চট্টগ্রাম গিয়ে সভা করতে পারলে বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়াকে পল্টনে গিয়ে সমাবেশ করতে কেন বাধা দেওয়া হচ্ছে।’
রবিবার দুপুরে জাতীয় প্রেস ক্লাবে কৃষক শ্রমিক পার্টির সাবেক সভাপতি ও সাবেক মন্ত্রী এএসএম সোলায়মানের ২৫তম মৃত্যুবার্ষিকী আলোচনা ও দোয়া মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর উদ্দেশে তিনি বলেন, ‘পুলিশ ভাই খাদেম হবেন না। আপনাদের অনেকের চাকরি চলে যাচ্ছে। এসব বিষয় মাথায় রেখে দায়িত্ব পালন করতে হবে। বিএনপির আবেদনে পল্টনের কথা বাদ দিয়ে সোহরাওয়ার্দী উদ্যানে দেওয়া সমীচীন নয়।’
প্রতিহিংসার রাজনীতি থেকে বিএনপিকে বেরিয়ে আসার আহ্বান জানিয়েছেন ডা. জাফরুল্লাহ। তিনি বলেন, এ দেশে আর কোনো ১৫ আগস্টের পুনরাবৃত্তি যাতে না ঘটে সেদিক মাথায় রেখে একযোগে দেশ ও মানুষের জন্য কাঁধে কাঁধ মিলে কাজ করতে হবে।’
কৃষক শ্রমিক পার্টির সভাপতি সিরাজুল হকের সভাপতিত্বে অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন দলের সাধারণ সম্পাদক এএস এম রাজিয়া সুলতানা রত্না সোলায়মান।
বাবার স্মৃতিচারণ করতে গিয়ে তিনি বলেন, ‘আমার বাবা আমৃত্যু কৃষক শ্রমিক পার্টির সভাপতির দায়িত্ব পালন করে গেছেন। তার প্রস্তাবে জাতীয় সংসদে অধিবেশন আরম্ভ হওয়ার আগে কোরআন তেলাওয়াত ও যাকাত বোর্ড আইন পাস হয় । তিনি আজীবন কৃষক শ্রমিকের পক্ষে লড়াই ও সংগ্রাম করেছেন।’
অনুষ্ঠানে বিভিন্ন দলের অনেক নেতাকর্মী বক্তব্য রাখেন।